সাজেকে জয় বাংলা স্লোগান, ছয় পর্যটক আটক

রাঙামাটির সাজেকে যাওয়ার পথে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পক্ষে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন মো. ফারদিন এহসান হৃদয় (২৪), সুশান্ত পাল (২৩), ইয়াছিন (৩২), মো. সাইফুল ইসলাম (২৭), হারুন ইসলাম তুষার (২৬) ও রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩)।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফাজ্জল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

যানজটে পড়ে স্লোগান দেওয়ার অভিযোগ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে একটি পর্যটক দল কয়েকটি গাড়িতে করে সাজেক উপত্যকার উদ্দেশে রওনা হয়। সকালে গাড়িগুলো বাঘাইহাট বাজার এলাকা অতিক্রম করার সময় যানজটে পড়ে। তখন গাড়ির ভেতরে থাকা কয়েকজন পর্যটক আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দিতে থাকেন।

তাদের স্লোগানকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি থমথমে হয়ে উঠলে সাজেক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয় পর্যটককে আটক করা হয়।

সাজেক থানা পুলিশ জানায়, পর্যটনের মতো শান্ত পরিবেশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিষিদ্ধ সংগঠনের পক্ষে রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হয়েছিল। আটক পর্যটকেরা বর্তমানে সাজেক থানা হেফাজতে রয়েছেন। আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখার স্বার্থে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

ওসি তৌফাজ্জল হোসেন বলেন, যানজটের মধ্যে অভিযুক্তরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দিয়েছেন বলে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছেন। পরে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর