নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলে করোনাভাইরাসের আক্রান্তের সাথে সাথে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে করোনাভাইরাসে ৮ জনের মৃত্যু হয়েছে৷ যা এক দিনে জেলায় সর্বোচ্চ মৃত্যু হলো৷ এ নিয়ে শুক্রবার সকাল পর্যন্ত জেলায় মোট ১৮৪ জনের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো৷ এছাড়াও গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় এ জেলায় নতুন করে ১৮৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫.১৫ শতাংশ। এ নিয়ে জেলায় মোট কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৩৭৩ জন।
এদিকে চলতি মাসের ১৬ দিনে জেলায় করোনাভাইরাসে ৩ হাজার ৬৬৯ জন আক্রান্ত হয়েছেন, আর মৃত্যু হয়েছে ৬৬ জনের। গত জুন মাসে জেলায় ২ হাজার ৯২৮ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৬ জনের।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার টাঙ্গাইল এবং ঢাকায় ৫৬৪ টি নমুনা প্রেরণ করা হয়। এতে শুক্রবার নতুন করে ১৮৭ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৫ হাজার ৯৭৯ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪৪ জন। বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছে ৫ হাজার ৬৬ জন।
এখন পর্যন্ত মোট ৩২ হাজার ৪৩৬ জনকে কোয়ারেন্টাইনে আনা হয়েছিলো। এর মধ্যে ২৬ হাজার ৮৫৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। জেলায় এখন পর্যন্ত ৫৩ হাজার ৪৮৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। জেলায় মোট আক্রান্তের হার ২১.২৬ ভাগ।
