নিউজ টাঙ্গাইল ডেস্ক: অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজ ২৪.কমের ক্রীড়া সাংবাদিক অর্ণব মজুমদার না ফেরার দেশে চলে গেছেন। শুক্রবার দুপুরে মাত্র ২৭ বছর বয়সে তিনি মারা যান। চিকিৎসকের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এ সাংবাদিক।
নিখিল মজুমদারের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে অর্ণব অসুস্থবোধ করেন। দক্ষিণ খানের বাসা থেকে ওষুধ কিনতে যান তিনি । সেখানে হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন। তখন পুলিশের সহযোগিতায় স্থানীয় কেসি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।
কেসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. খালিদ হোসেন বলেন, “আমাদের এখানে ওকে নিয়ে আসা হয়েছিল বেলা ১টা ৪০ মিনিটে। তার আগেই আসলে মারা গেছে। এখানে কিছু করার ছিল না।”
অর্ণবের রক্তচাপ কিছুটা বেশি ছিল বলে পরে স্বজনদের কাছ থেকে জানতে পারেন চিকিৎসক। তিনি বলেন, সব কিছু দেখে মনে হয়েছে, হয়ত ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু হয়েছে অর্ণবের।
ঢাকার দক্ষিণখানে ছোট চাচার বাসায় থাকতেন অর্ণব। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াকালীন সময় থেকেই সাংবাদিকতা শুরু করেন। খেলাধুলার প্রতি বাড়তি ঝোঁক থাকায় ক্রীড়া সাংবাদিকতা বেছে নেন এ তরুণ। বিডি নিউজে যোগ দেওয়ার আগে তিনি দৈনিক সমকালের ক্রীড়া বিভাগে কাজ করতেন।
অর্ণবের বাবা দিলীপ কুমার মজুমদার মারা গিয়েছিলেন আগেই, মা ঝুনু রানী সরকার একজন অবসরপ্রাপ্ত নার্স, থাকেন নেত্রকোণার বাড়িতে। একমাত্র বোন সুভদ্রা উর্মিলা মজুমদার পেশায় চিকিৎসক, বর্তমানে ভারতের চেন্নাইয়ে উচ্চতর ডিগ্রি নিচ্ছেন তিনি।
হাসপাতাল থেকে বিকেলেই নেত্রকোণার পথে নিয়ে যাওয়া হয় অর্ণবের মরদেহ। তার চাচা জানান, রাতেই তার ভাতিজার শেষকৃত্য হবে। অর্ণবের মৃত্যুতে সন্ধ্যায় বিপিএলের ম্যাচ চলাকালে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে শোক জানানো হয়। ক্রীড়া সাংবাদিক ও লেখকরাও অর্ণবের মৃত্যুতে শোক জানিয়েছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।