সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
Homeআন্তর্জাতিকপুনরায় সিটি র্নির্বাচন দাবি মামাবাড়ির আবদার : ওবায়দুল কাদের

পুনরায় সিটি র্নির্বাচন দাবি মামাবাড়ির আবদার : ওবায়দুল কাদের

নিউজ টাঙ্গাইল ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি  করপোরেশনের পুনর্নির্বাচন দাবি মামাবাড়ির আবদার। তিনি বলেন, ‘বিএনপির পুননির্বাচনের দাবি মামা বাড়ির আবদার। সিটি নির্বাচনে জালিয়াতি, ভোট কারচুপির কোনো সুযোগ নেই। কারচুপি বা ভোট জালিয়াতি হলে ভোট আরো বেশি কাস্ট হতো। বিএনপি বিরোধিতার জন্যই বিরোধিতা করছে।’
বৃহস্পতিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন ওবায়দুল কাদের।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীগের দুই সিটি করপোরেশনে পুননির্বাচনের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঢাকার দুই সিটি নির্বাচনে কোনো কারচুপি-জালিয়াতি হয়নি। বিএনপিও জানে বিক্ষিপ্ত দু-একটি ঘটনা ছাড়া ফ্রি-ফেয়ার ইলেকশন হয়েছে। ভোটার উপস্থিতি কম হলেও শান্তিপূর্ণ নির্বাচন হওয়া আওয়ামী লীগ স্বস্তি পেয়েছে। এই নির্বাচন নিয়ে পর্যবেক্ষকদের কোনো অভিযোগ নেই। শুধু অভিযোগ আছে বিএনপির।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠেয় সমাবেশে বিএনপির আওয়ামী লীগের সহযোগিতা কামনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঢাকা শহরে সমাবেশ করেছে, কিংবা সারাদেশে সমাবেশ করেছে। কোনো সমাবেশে আওয়ামী লীগ সমস্যার সৃষ্টি করেছে, বাধা দিয়েছে এমন একটা উদাহরণ কেউ দিতে পারবে না।
তিনি বলেন, সমাবেশ সুশৃঙ্খল করতে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা রয়েছে, সমাবেশে নিরাপত্তার বিষয় রয়েছে। সভা-সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার বিএনপির রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি নিয়ে বিএনপি সমাবেশ করলে, আমরা কোনো বাধা দেখছি না।
অসমাপ্ত জেলা সম্মেলনগুলো করা হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী ১২ ও ১৩ তারিখ কোটালিপাড়া ও টুঙ্গিপাড়ায় সম্মেলনের মধ্য দিয়ে তা শুরু হবে। সংগঠনকে শক্তিশালী ও পুর্নবিন্যাস করা হবে। জেলা সম্মেলনের আগে তৃণমূলের সম্মেলন হবে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, মহিলা বিষয়ক সম্পাদিকা মেহের আফরোজ চুমকী, কেন্দ্রীয় কমিটির সদস্য খ ম জাহাঙ্গীর, মারুফা আক্তার পপি, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular