টাঙ্গাইলের বাসাইলে রাইড শেয়ারিং মোটরসাইকেল চালককে বৈদ্যুতিক শক ও ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টার মামলায় মাসুম মিয়া নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন এ তথ্য জানিয়েছেন। দণ্ডপ্রাপ্ত মাসুম মিয়া জামালপুরের বকশীগঞ্জ উপজেলার টিকরকান্দি গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।
মামলার বরাতে পিপি জানান, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর রাতে মাসুম মিয়া গাজীপুর চৌরাস্তা থেকে টাঙ্গাইল যাওয়ার কথা বলে ১ হাজার ৫০০ টাকা ভাড়ায় একটি মোটরসাইকেলে ওঠেন। মোটরসাইকেলটি বাসাইল উপজেলার হাবলা এলাকায় পৌঁছালে চালক নয়নের ঘাড়ে বৈদ্যুতিক শক দেওয়ার পাশাপাশি ধারালো ছুরি দিয়ে আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করা হয়। চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মাসুমকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় পরদিন ১৮ ডিসেম্বর মোটরসাইকেল চালকের ভাই বাদী হয়ে বাসাইল থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ৩১ মার্চ বাসাইল থানার এসআই মো. মঞ্জুরুল হাসান খান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত আসামিকে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।
