বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১৯ এর চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিসিবি। রংপুর রাইডার্স এবং চিটাগং ভাইকিংসের ম্যাচ দিয়ে আগামী ৫ জানুয়ারি পর্দা উঠছে ষষ্ঠ আসরের। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিপিএলে এবারও প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ সূচিতে উল্লেখ করা হয়েছে প্রথম ম্যাচ শুরু হবে বেলা সাড়ে বারোটায়। আর দ্বিতীয় ম্যাচ হবে বিকেল পাঁচটায়। তবে শুক্রবার প্রথম ম্যাচ হবে বেলা দুইটায় এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটায়।
ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হবে বিপিএলের ম্যাচগুলো। ঢাকা পর্ব শেষে ১৫ জানুয়ারি সিলেটে যাবে বিপিএল। আট ম্যাচ পরে ২১ জানুয়ারি আবার ফিরবে ঢাকায়। এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম পর্ব শুরু হবে। সেখানে ৬ দিনে হবে ১০টি খেলানো হবে। ১ ফেব্রুয়ারি আবার ঢাকায় ফিরবে বিপিএল।
ঢাকায় চারটি লিগ ম্যাচের পর শুরু হবে প্লে-অফ ও ফাইনাল। আগামী ৪ ফেব্রুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। এরপর ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে এলিমিনেটরে বিজয়ী ও প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল। প্লে-অফ ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
