ভারতে হানা দিয়েছে করোনাভাইরাস

নিউজ টাঙ্গাইল ডেস্ক: করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপাী। সর্বশেষ এতে যুক্ত হলো পার্শ্ববর্তী দেশ ভারত। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের কেরালা প্রদেশে চীনের উহান থেকে আসা এক শিক্ষার্থীর রক্তে নোভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ওই শিক্ষার্থী উহান বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন।

ওই শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাকে হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণ রেখেছেন চিকিৎসকেরা। তারা জানিয়েছেন, রোগীর জন্য বিশেষ বেডের ব্যবস্থা করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

ভারতের প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ‘সংবাদসংস্থা সূত্রের খবর, আরও ছ’জনকে পর্যবেক্ষণের অধীনে রাখা হয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা স্বাস্থ্যপরিস্থিতি নিয়ে জরুরিকালীন বৈঠকে বসেছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য দফতরের অন্য প্রতিনিধিরা। ঘটনার সত্যতা স্বীকার করে টুইট করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও। আক্রান্ত ছাত্র উহান বিশ্ববিদ্যালয়ের। আপাতত তাঁকে হাসপাতালে আলাদা জায়গায় রাখা হয়েছে। চিকিৎসকেরা তাঁর স্বাস্থ্য পরিস্থিতি খতিয়ে দেখছেন। এছাড়াও, এর্নাকুলাম জেলার তিনজন পর্যবেক্ষণাধীন। ত্রিশূর, তিরুঅনন্তপুরম, মল্লপুরমের একজন করে ব্যক্তি চিকিৎসকদের সন্দেহের তালিকায় রয়েছেন।’

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। বিশ্বের দেশে দেশে ছড়িয়ে পড়ছে মরণঘাতী এ ভাইরাস। বিশ্বজুড়ে এখন সবচে আলোচিত ও আতঙ্ককর বিষয় হয়ে দাঁড়িয়েছে এটি। চীনে করোনাভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭০ জনে। এ ঘটনায় বুধবার জাপান ও যুক্তরাষ্ট্র উহান শহর থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে এখন পর্যন্ত প্রায় আট হাজার। চীন ছাপিয়ে এই রোগ এখন বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে। এগুলোর মধ্যে থাইল্যান্ড, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ ১৫টি দেশ রয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর