নিজস্ব প্রতিনিধি :ভালুকার বাটাজোরে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে আবদুর রহিম (২৪) নামের এক ধান কাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে বাটাজোর বাজারের পূর্বপাশে^ আবদুল হালিমের পোল্ট্রি ফার্মে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিম কামলাকান্দা উপজেলার আতকাপাড়া গ্রামের শাহেব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে আবদুর রহিম ও তার সঙ্গীরা ধান কাটার কাজে উপজেলার বাটাজোর বাজার এলাকার খবির উদ্দিনের বাড়িতে আসে। প্রতিদিনের মত আজও ধান কাটতে ছিলেন তারা। বিকেলের দিকে ধান খেত সংলগ্ন একই এলাকার আবদুল হালিমের পোল্ট্রি ফার্মে শিয়ালের উৎপাত থেকে বাঁচতে সৃষ্ট বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয় রহিম। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রহিমকে মৃত ঘোষণা করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্ষিয়া চলছে।
সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সাকের আহমেদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই আবদুর রহিমের মৃত্যু হয়।
নিহতের আত্মীয় স্বজনরা পোল্ট্রি ফার্ম মালিককের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, ঘটনাটি ভালুকা থানার হওয়ায় ওই থানায় মামলার প্রস্তুতি শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
