বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে বইছে উপজেলা নির্বাচনের হাওয়া

মির্জাপুরে বইছে উপজেলা নির্বাচনের হাওয়া

নিউজ টাঙ্গাইল ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এরই মধ্যে আওয়ামী লীগের অনেক নেতা নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছেন।

নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যমকর্মী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকেই যোগাযোগ রক্ষা করে চলছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের বিশাল কর্মযজ্ঞ শেষ করেই উপজেলা পরিষদ নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। ফেব্রুয়ারির প্রথম দিকে এ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তাই তফসিল ঘোষণা হওয়ার আগেই মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একাধিক মনোনয়নপ্রত্যাশী বিভিন্ন মাধ্যমে নিজেদের প্রার্থিতা জানান দিচ্ছেন।

আওয়ামী লীগের হংকং শাখার সভাপতি ও মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ লিটন এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর প্রার্থিতা ঘোষণা করেছেন। সংসদ নির্বাচন শেষ করে দুই দিন আগে ব্যবসার কাজে হংকংয়ে চলে গেছেন তিনি। অচিরেই দেশে ফিরে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ নির্বাচনের কার্যক্রম শুরু করবেন।

লিটন বলেন, সব সময় তিনি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছেন। এবার তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে চান।

এ জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ সবার সহযোগিতা কামনা করেন।

এদিকে মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জাপুর প্রেস ক্লাবে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় উপজেলা পরিষদ নির্বাচনে তাঁর প্রার্থিতা ঘোষণা দেন।

আবুল হোসেন বলেন, ছাত্রজীবন থেকেই তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। নিজেকে ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সক্রিয়কর্মী দাবি করে বলেন, দল থেকে তিনি কখনো বিচ্যুত হননি।

বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন ছাড়াও চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হেল সাফি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular