মো. আবু শাহেদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫জুলাই) দুপুরে হাটহাজারী উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের সহায়তায় হাটহাজারী এসএফএনটিসি কর্তৃক চারাগুলো বিতরণ করা হয়।
চট্টগ্রাম উত্তর বন বিভাগ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার আওতাধীন ১৪টি ইউনিয়ন পরিষদ, ৬টি কলেজ, ৭৩টি মাদ্রাসা, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১২৫টি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ২০ হাজার ৩২৫টি বনজ, ফলদ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।
এর মধ্যে ইউনিয়ন পরিষদসমূহে ৫শ, কলেজসমূহে ১২০ থেকে ১১০টি, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ১০০টি ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ৫০টি করে বিভিন্ন প্রজাতির চারা প্রদান করা হয়।
চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন, এগার মাইল বন বিভাগের স্টেশন কর্মকর্তা ও বীট অফিসার সৌমেন বড়ুয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আজম, ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বন বিভাগের কর্মকর্তাগণ প্রমূখ।
রুহুল আমিন বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে দেশে পরিবেশের ভারসাম্য রক্ষা ও মাটির ক্ষয়রোধ করে দেশে ফলজ, বনজ ও ঔষধী গাছের সমাহার বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম উত্তর বন বিভাগ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।