রহস্য-রোমাঞ্চের নতুন সিনেমায় জয়া, সঙ্গী শ্রাবন্তী

খুন, রহস্য আর সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন কলকাতার পরিচালক অর্জুন দত্ত। ‘আরএসভিপি মার্ডার’ নামের এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান ও কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

 

‘অব্যক্ত’, ‘শ্রীমতী’, ‘ডিপ ফ্রিজ’ ও ‘বিবি পায়রা’র মতো সিনেমা নির্মাণ করেছেন অর্জুন দত্ত। তার নির্মিত ‘ডিপ ফ্রিজ’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে।

আগের সিনেমাগুলোতে সম্পর্কের নানা দিক গুরুত্ব পেলেও এবার থ্রিলারধর্মী গল্প নিয়ে হাজির হচ্ছেন এই পরিচালক।নতুন সিনেমার প্রসঙ্গে অর্জুন দত্ত বলেন, ‘আমার সব সিনেমায় সম্পর্কের নানা দিক উঠে এসেছে। তবে প্রতিটি সিনেমাই আলাদা। পরিচালক হিসেবে সব ধরনের গল্প নিয়ে কাজ করতে চাই। থ্রিলার নির্মাণের ইচ্ছা অনেক দিনের। অবশেষে সেই সুযোগ হলো।’

সিনেমাটিতে জয়া ও শ্রাবন্তী ছাড়াও অভিনয় করবেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায় ও অভীপ্সা চট্টোপাধ্যায়। আরও রয়েছেন লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী, রূপালি রায় ভট্টাচার্য ও মনোজ ওঝাসহ অনেকে।

এত বড় তারকাবহর নিয়ে এবারই প্রথম সিনেমা নির্মাণ করছেন অর্জুন। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। এ ধরনের সিনেমায় গল্পের বাঁধন খুব জরুরি। তা না হলে পুরো বিষয়টিই নষ্ট হয়ে যেতে পারে।’

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অর্জুন দত্ত ও আশীর্বাদ মৈত্র। প্রযোজনায় রয়েছে অভিজিৎ চট্টোপাধ্যায়ের প্রতিষ্ঠান শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কস। সহ-প্রযোজক রূপম গোস্বামী। চিত্রগ্রহণে সুপ্রতিম ভোল এবং সম্পাদনায় রয়েছেন সুজয় দত্ত রায়।

সবকিছু ঠিক থাকলে নভেম্বরের শেষ দিকে ভারতের উত্তরবঙ্গে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর