এম সাইফুল ইসলাম শাফলু : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের অর্থের জোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন সখীপুরের হাবিবুর রহমান খান (২৬)। সে সখীপুর উপজেলার দারিপাকা গ্রামের মতিয়ার রহমান খানের ছেলে। গত সোমবার ও মঙ্গলবার ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হাবিবুর রহমান খানসহ পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল। পরে মঙ্গলবার বিকালে তাদের সিলেটে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
এ সময় একই অভিযোগে গ্রেফতা হওয়া সাবেক শিক্ষার্থীরা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন লক্ষ্মীকোলা গ্রামের মঈন উদ্দিনের ছেলে রেজা নুর মঈন (৩১), খুলনা জেলার সোনাডাঙ্গার মিজানুর রহমানের ছেলে এ এফ এম নাজমুল সাকিব (৩২), ঢাকা মিরপুরের মাজার রোডের এ কে এম মোশাররফের ছেলে এ কে এম মারুফ হোসেন (২৭) ও কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন নিয়ামতপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে ফয়সল আহমেদ (২৭)। এদের মধ্যে সাবেক শিক্ষার্থী নাজমুস সাকিব করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (২৬ জানুয়ারি) বিকালে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চার সাবেক শিক্ষার্থীকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে পাঠিয়েছে পুলিশ। এ আন্দোলনে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে আটক সাবেক পাঁচ শিক্ষার্থীসহ অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছেন জালালাবাদ থানায় সিলেট জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক সুজাত লায়েক আহমদ। বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আশরাফ উল্লাহ তাহের।
