এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে ছেলেদের কাছে দাবিকৃত নেশা করার টাকা না পেয়ে গলায় ফাঁস লাগিয়ে মো. নজরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বুধবার ভোররাতে উপজেলার কুতুবপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুবপুর বাজার এলাকায় মৃত নূর মোহাম্মদের ছেলে নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন। ছেলেদের কাছ থেকে টাকা নিয়ে তিনি নেশা করতেন। ঘটনার আগের দিন ছেলেদের কাছে নেশা করার টাকা চাইলে ছেলেরা টাকা দিতে অস্বীকৃতি জানায়। পরের দিন বুধবার ভোররাতে বাড়ির পাশে কাঠাল গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ঠিকমত নেশা করতে না পেরে তিনি বেশ কিছুদিন ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন বলেও এলাকাবাসী জানান।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. মজিবুর রহমান ফকির গলায় ফাঁস লাগিয়ে নজরুল ইসলামের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর হোসেন বলেন- আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বিকেলে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।