নিউজ টাঙ্গাইল ডেস্ক: সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আলোচিত ওয়েব সিনেমা ‘নেটওয়ার্কের বাইরে’ র অভিনয়শিল্পীরা। আহতরা হলেন- লাক্স তারকা নাজিফা আনজুম তুষি, অভিনেতা শরিফুল রাজ, খায়রুল বাসার ও জুনায়েদ বোগদাদী। এছাড়া আরও একজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে দুইজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। ২৬ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউতে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে অভিনেতা খায়রুল বাসার নিউজ টাঙ্গাইলকে বলেন, আমাদের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর আমাদের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। ভাগ্যক্রমে আমরা বেঁচে গেছি।
গুলশান থানার ডিউটি অফিসার বলেন, গাড়িতে থাকা পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। তাদের গুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। গাড়িটি জব্দ করেছি।
২০১৪ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ নাজিফা তুষি। চলচ্চিত্রে তার অভিষেক হয় ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে। অন্যদিকে শরিফুল রাজ র্যাম্প ও বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন। চলচ্চিত্রাঙ্গনে ‘আইসক্রিম’ সিনেমা দিয়ে তারও অভিষেক। এরপর কয়েকটি সিনেমায় কাজ করেছেন।
সাম্প্রতিক সময়ের আলোচিত ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ও জুটি বেঁধে অভিনয় করেছেন এই দুই তারকা। এছাড়া খায়রুল বাসার ও জুনায়েদ বোগদাদীও অভিনয়ে বেশ সক্রিয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন। 