বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
Homeআন্তর্জাতিকহাসপাতাল থেকে ছাড়া পেলেন মমতা

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক, নিউজ টাঙ্গাইল: নির্বাচনী প্রচারে গিয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে ‍দুদিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৪৮ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পান মমতা। এরপর হুইলচেয়ারে বসেই বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি।

চিকিৎসকদের বরাতে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, মমতার গোড়ালির ব্যথা অনেকটাই কমেছে। এ দিন নতুন করে তার পায়ে প্লাস্টার করা হয়েছে। সাত দিন পরে ফের তাকে চেক আপের জন্য আসতে হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সব নিয়ম মেনেই চলাফেরা করবেন তিনি।

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে গত বুধবার মনোনয়নপত্র জমা দেন মমতা। পরে বিভিন্ন মন্দিরে পূজা দিয়ে নিজের নন্দীগ্রামে ভাড়া নেয়া বাড়িতে ফেরার সময় হামলার শিকার হন। ওই দিন রাতেই মমতাকে ভর্তি করানো হয় কলকাতার পিজি হাসপাতালে।

এরই মধ্যে মমতা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, তিনি হাসপাতাল থেকে ছুটি চান। তিনি চান আরও দু-তিন দিনের চিকিৎসা বাড়িতে করা হোক। এ কারণেই চিকিৎসকেরা তাকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে, মমতার ওপর হামলা করার প্রতিবাদে তৃণমূলের ডাকে শুক্রবার বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত রাজ্যের সর্বত্র কালো পতাকা হাতে নিয়ে এবং কালো কাপড় দিয়ে মুখ ঢেকে মৌন মিছিল হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular