নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে দা-বটি দিয়ে জবাই করে আহাতন বেওয়া নামের ১২০ বছরের বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে। বৃদ্ধা আহাতন উপজেলার ফলদা এলাকার মৃত জামাল উদ্দিন সরকারের স্ত্রী। এ ঘটনায় ঘাতক বাবু আহম্মেদ নামের এক দোকানের কর্মচারীকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ৩ টার দিকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন। জানা গেছে, বৃদ্ধার ঘরে ঢুকে দা-বটি দিয়ে জবাই করে ঘাতক বাবু। হত্যার পরে কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুরে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দিকে, বাবু আহম্মেদ নামের এক দোকানের কর্মচারীকে বিকেলের দিকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে হত্যার বিষয়টি স্বীকার করেছে।
