বিপিএলের প্লেয়ার ড্রাফট চূড়ান্ত হয়ে গিয়েছে। প্লেয়ার ড্রাফটে নাম আছে আশরাফুলের। তবে এবার আশরাফুলকে কেনার জন্য যে দলের নাম আছে সবার আগে সেটা হচ্ছে সিলেট সিক্সার্স। বি ক্যাটাগরির আশরাফুলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮ লাখ টাকা। আশরাফুল বাদেও আরো ১৭ জন ক্রিকেটার আছেন এই ক্যাটাগরিতে।
বিপিএলের আগামী আসরের আনুষ্ঠানিক প্লেয়ার ড্রাফট হবে রোববার। ঢাকার র্যাডিসন ব্লু হোটেলে বসবে খেলোয়াড় কেনার জমজমাট এই হাট! চূড়ান্ত সেই প্লেয়ার ড্রাফটে মোহাম্মদ আশরাফুল কোন দল পাবেন কিনা; পেলে কোন দল পাবেন তা জানা যাবে কালই।
মোহাম্মদ আশরাফুল ২০১৩ সালে বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকায় পাঁচ বছর নিষিদ্ধ হন। ২০১৬ সালে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পান। কিন্তু তখনও জাতীয় দল এবং ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগের দরজা বন্ধ ছিল তার জন্য। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ১৩ আগস্ট ফিরেছেন ৩৪ বছর বয়সী অ্যাশ।
