হাবিবুর রহমান তারেক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঘাটাইল-সাগরদিঘী আঞ্চলিক সড়কের সাগরদিঘী বাজার এলাকায় সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। যার ফলে এ সড়কে চলাচলরত বিভিন্ন ধরণের যানবাহন ও পথচারীরা প্রতিনিয়ত ভোগান্তিতে পড়েন। অভিযোগ করে এলাকাবাসীরা জানান- সড়কের নির্মাণ কাজের ধীরগতির কারণে এ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
জানা গেছে- ২২কোটি টাকা ব্যয়ে ঘাটাইল-সাগরদিঘী আঞ্চলিক সড়কের কামালপুর থেকে সাগরদিঘী গুপ্তবৃন্দাবন পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ চলছে। রাস্তা উন্নয়নের কাজটি তদারকি ও তত্ত্বাবধান কাজ করছে ময়মনসিংহের ঠিকাদারী প্রতিষ্ঠান ভাওয়াল কনস্ট্রাকশন। ১ বছর ধরে নির্মাণকাজ চললেও সড়কের ২৫ শতাংশ কাজ হয়নি। ধীরগতিতে নির্মাণ কাজ চলায় সড়কের বিভিন্ন স্থানে বিপদজনক গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়ে ঘটছে দুর্ঘটনা।
এ বিষয়ে সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান হেকমত শিকদার জানান- ঘাটাইল উপজেলার সাগরদিঘী পাহাড়ি জনপদ। এ জনপদ এলাকা সবজি ও ফল প্রধানচঞ্চল। সড়কের নির্মাণ কাজের ধীরগতির কারণে এলাকার জনসাধারণের হাট-বাজার ব্যবসা-বাণিজ্য ও যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি আরও জানান- ঠিকাদারি প্রতিষ্ঠানকে অবগত করলেও তারা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। খুব দ্রুততম সময়ের মধ্যে রাস্তা মেরামতের নির্মাণ কাজ সম্পন্ন করার জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী।
