Homeটাঙ্গাইল জেলাসখীপুরে স্বাস্থ্য সহকারী শফি হত্যা: সিসিটিভি ফুটেজে মিলল সূত্র, গ্রেপ্তার ১

সখীপুরে স্বাস্থ্য সহকারী শফি হত্যা: সিসিটিভি ফুটেজে মিলল সূত্র, গ্রেপ্তার ১

সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত, গ্রেপ্তার শাকিল খানের হেফাজত থেকে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে স্বাস্থ্য সহকারী আব্দুল আউয়াল শফি (৫০) হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় মো. শাকিল খান (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার হেফাজত থেকে ঘটনার সময় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের নলুয়া-বাসাইল সড়কের নলুয়া ও বিমান বাহিনীর ঘাঁটির মধ্যবর্তী এলাকায় আব্দুল আউয়াল শফির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁর মাথা, গলা ও হাতে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের পাশে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও পড়ে ছিল।

এ ঘটনায় নিহতের স্ত্রী মোসাঃ তানিয়া আক্তার বাদী হয়ে সখীপুর থানায় হত্যা মামলা করেন। ৩ সেপ্টেম্বর মামলাটি সখীপুর থানার মামলা নম্বর-০৩ হিসেবে পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়।

পুলিশ জানায়, ঘটনাটি চাঞ্চল্যকর ও ক্লুলেস হওয়ায় টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবার নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম, পিপিএম-সেবার সার্বিক তত্ত্বাবধানে তদন্ত শুরু করা হয়। এতে সহকারী পুলিশ সুপার, সখীপুর সার্কেল এ.কে.এম. মামুনুর রশীদের সহযোগিতায় সখীপুর থানা পুলিশ ও ডিবি (উত্তর ও দক্ষিণ) সমন্বয়ে একটি দল কাজ করে।

তদন্তের অংশ হিসেবে গোপালপুর, টাঙ্গাইল সদর ও মির্জাপুর সার্কেলের পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি ডিবি উত্তর ও দক্ষিণের কর্মকর্তারাও যুক্ত হন। ডিবি উত্তরের এসআই (নিরস্ত্র) মো. আহসানুজ্জামানসহ একাধিক টিম বিভিন্নভাবে তদন্ত কার্যক্রম চালায়।

পুলিশ আরও জানায়, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি যাচাইয়ের পর অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মো. শাকিল খানকে গ্রেপ্তার করা হয়। তিনি টাঙ্গাইলের বাসাইল থানার বর্ণি কিশোর গ্রামের মো. আতাউয়ার খানের ছেলে।

গ্রেপ্তার শাকিল খানের হেফাজত থেকে ঘটনার সময় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

RELATED ARTICLES

Most Popular