স্পোর্টস ডেস্ক: ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ দারুণ সাফল্য পেয়েছে রাজশাহী তায়কোয়ানডো দোজাং। বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি মোট ১৫টি পদক অর্জন করেছে। এর মধ্যে রয়েছে ৬টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক।
মোহাম্মদপুর তায়কোয়ানডো ক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই জাতীয় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা অংশ নেন।
রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের নারী বিভাগে উল্লেখযোগ্য সাফল্য আসে মারিন আশরাফির হাত ধরে। তিনি জুনিয়র কিওরোগি (-৪৬ কেজি) এবং জুনিয়র পুমসে (১৪–১৭ বছর) দুটি ইভেন্টেই স্বর্ণপদক অর্জন করেন। এছাড়া জুনিয়র পুমসে (৯–১২ বছর) বিভাগে স্বর্ণ জেতেন আনিকা।
নারী বিভাগে রৌপ্য পদক অর্জন করেন ইরা, জুনিয়র কিওরোগি (-৪৬ কেজি) ও জুনিয়র পুমসে (৯–১২ বছর) বিভাগে; আনিকা, জুনিয়র কিওরোগি (+৪১ কেজি) বিভাগে এবং জাফরিন জারা, জুনিয়র পুমসে (৯–১২ বছর) বিভাগে। জুনিয়র পুমসে বিভাগে ব্রোঞ্জ পদক পান মৌনিয়া।
পুরুষ বিভাগেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখেন রাজশাহীর খেলোয়াড়রা। স্বর্ণপদক অর্জন করেন মো. ইমতিয়াজ আলী (১২–১৪ বছর, -৪৭ কেজি), প্রিন্স আদনান (-২৬ কেজি) এবং ১৪–১৭ বছর ক্যাটাগরির কিওরোগি (-৪৮ কেজি) ইভেন্টের এক প্রতিযোগী। রৌপ্য পদক জেতেন তাহসিন (-৪০ কেজি) এবং প্রিন্স আদনান (জুনিয়র ৬–৯ বছর পুমসে)। জুনিয়র পুমসে বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেন জয়নব।
প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অফিসিয়াল রেফারিরা দায়িত্ব পালন করেন। রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের চারজন রেফারিও এতে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক ৪র্থ ড্যান ব্ল্যাকবেল্টধারী ও রাজশাহী বিভাগীয় তায়কোয়ানডো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুমিত হাসান ব্রাইট অফিসিয়াল রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন।
তার সঙ্গে অফিসিয়াল রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মো. আশিক মাহমুদ (আন্তর্জাতিক ২য় ড্যান ব্ল্যাকবেল্ট), শ্রাবন্তী ইসলাম বর্ষা (আন্তর্জাতিক ১ম ড্যান ব্ল্যাকবেল্ট) এবং মো. ইহতেশামুল আলম (আন্তর্জাতিক ১ম ড্যান ব্ল্যাকবেল্ট)।
জাতীয় পর্যায়ের এই সাফল্যে রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের খেলোয়াড়, প্রশিক্ষক ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। ক্রীড়ামোদীদের প্রত্যাশা, এই সাফল্য রাজশাহী অঞ্চলে তায়কোয়ানডো খেলায় নতুন প্রজন্মকে আরও বেশি উৎসাহিত করবে।
