নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে ধর্ষণ মামলায় মো. আরিফ ও মো. রুবেল নামে দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল জেলা শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আরিফ মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে এবং রুবেল একই এলাকার আয়নালের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) খন্দকার মো. রোকুনুজ্জামান জানান, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর গভীর রাতে এক নারী বাড়ি থেকে প্রতিবেশী প্রেমিক মোস্তাকের বাড়িতে যাওয়ার পথে স্থানীয় একটি পুকুরপাড়ে পৌঁছালে আরিফ ও রুবেল তার পথরোধ করেন। একপর্যায়ে তারা ওই নারীকে পাশের একটি কাচারিঘরের বারান্দার খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখেন।
পরে রাতভর ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করার অভিযোগ ওঠে দুই আসামির বিরুদ্ধে। পরে তার বাঁধন খুলে দেওয়া হয়। পরদিন সকালে তিনি মধুপুর থানায় গিয়ে আরিফ ও রুবেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
মামলার সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাদের আরও তিন বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
