ন্যাড়া মাথা। স্কুলের ইউনিফর্ম পরে মেঝেতে বসে রয়েছে এক নাবালক। আর তার চুলবিহীন মাথায় ‘তবলা’ বাজিয়ে চলেছেন এক শিক্ষক। উত্তরপ্রদেশের ইটাওয়ার একটি স্কুলে পড়াশোনার বদলে চলল এই কাণ্ড। ছাত্রের ন্যাড়া মাথা তবলার মতো বাজিয়ে চলেছেন শিক্ষক। এমনকি তার ভিডিয়ো তৈরি করে ফেসবুকে পোস্টও করেন তিনি। ভিডিয়োটি ভাইরাল হতেই উচিত ‘শিক্ষা’ পেলেন শিক্ষক। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ক্লাসের মধ্যে চেয়ারে বসে রয়েছেন শিক্ষক। তাঁর পায়ের ফাঁকের মধ্যে মেঝেতে বসে এক নাবালক। ছাত্রটির ন্যাড়া মাথায় একের পর এক চাঁটি মেরে চলেছেন সেই শিক্ষক। স্কুল চলাকালীনই শিশুর মাথায় হাত দিয়ে তবলার মতো করে বাজাতে থাকেন তিনি। শিক্ষকের এই আচরণ দেখে গোটা ক্লাস হাসাহাসি করতে থাকে। নাবালক ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়েই ক্ষান্ত হননি অভিযুক্ত শিক্ষক। গোটা ঘটনার ভিডিয়ো করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেন তিনি নিজেই। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই তা নিয়ে পদক্ষেপ করে শিক্ষা দফতর। সংবাদ প্রতিবেদন অনুসারে, অভিযুক্ত শিক্ষকের নাম দীনেশ কুমার মাথুর। ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘গৌরবুলন্দশহর’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।
ঘটনাটি প্রাথমিক শিক্ষা বিভাগের নজরে আসার পর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। শিক্ষকের আচরণকে শৃঙ্খলাভঙ্গের শামিল বলে গণ্য করে তাঁকে অবিলম্বে নিলম্বিত (সাসপেন্ড) করেন প্রাথমিক শিক্ষা আধিকারিক। শিক্ষা দফতর সূত্রে খবর, বর্তমানে বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত চলছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।
