নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে মেয়ে দেখার কথা বলে বাড়িতে প্রবেশ করে সমিতিতে ভর্তি ও রেশন দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫৬ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। গত ৭ অক্টোবর উপজেলার কচুয়া বটতলা এলাকার রহিম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী মেয়ে দেখার কথা বলে রহিম মিয়ার বাড়িতে প্রবেশ করেন। পরে বাড়িতে থাকা নারীদের একটি সমিতিতে ভর্তি করালে বিভিন্ন ধরনের সামগ্রী ও রেশন দেওয়া হবে বলে প্রলোভন দেখান। এ সময় ছয়জনের কাছ থেকে সঞ্চয় বাবদ মোট ৬ হাজার টাকা এবং বাড়ির মালিক শিউলি বেগমের কাছ থেকে কৌশলে আরও ৫০ হাজার টাকা নেন বলে অভিযোগ রয়েছে। সব মিলিয়ে ৫৬ হাজার টাকা নিয়ে ওই নারী চলে যান।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই নারী নিজের নাম কখনো সালেহা আক্তার, আবার কখনো সালেহা বেগম বলে পরিচয় দেন। তাঁর বাড়ি সখীপুর উপজেলার আড়াইপাড়া গ্রামে বলে জানান তিনি।

ঘটনার সময় উপস্থিত কয়েকজন বয়স্ক নারী জানান, ওই নারী বারবার একটি কৌটা খুলছিলেন ও বন্ধ করছিলেন। এরপর তাঁদের আর কিছু মনে নেই বলে দাবি করেন তাঁরা। ওই নারী চলে যাওয়ার পর তাঁদের হুঁশ ফিরে আসে।

স্থানীয়দের ধারণা, ওই নারী কোনো কৌশলে তাঁদের অসচেতন করে প্রতারণার মাধ্যমে টাকা নিয়ে থাকতে পারেন। তবে এ বিষয়ে কোনো নেশাজাতীয় পদার্থ ব্যবহার করা হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের আশঙ্কা, এর পেছনে কোনো প্রতারক চক্র জড়িত থাকতে পারে।

ওই নারীকে কোথাও দেখা গেলে বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।যোগাযোগ: ০১৩১০-৯৪৬১১৪।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর