টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ধানক্ষেতের পাশ থেকে একটি স্কুলের দারোয়ানের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে কাকড়াজান ইউনিয়নের চটানপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে সখীপুর থানার ওসি মুরাদ হোসেন জানিয়েছেন।

নিহত ৬৫ বছর বয়সী দুলাল হোসেন ওরফে দুলু মিয়া ওই এলাকার প্রয়াত কাঞ্জু মিয়ার ছেলে। তিনি বড়চওনা রফিকরাজু ক্যাডেট স্কুলের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুলু মিয়ার মরদেহ তাঁর দ্বিতীয় (তালাকপ্রাপ্ত) স্ত্রীর বাড়ির কাছাকাছি একটি ধানখেতের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দুলু মিয়ার মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। নিহত দুলু মিয়ার প্রথম স্ত্রী আসমা বেগম বলেন, “দুলু মিয়া প্রায় ১০ বছর আগে জরিনা বেগম নামের এক নারীকে বিয়ে করেছিলেন। বিয়ের কিছুদিন পর ওই নারীকে তালাক দেন। তালাক দিলেও দুলু মিয়া দ্বিতীয় স্ত্রী জরিনার বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। আমরা বারবার বাধা দিয়েও তাকে ফেরাতে পারিনি।

আসমার অভিযোগ, তার স্বামীকে দ্বিতীয় স্ত্রী ও তার লোকজনই হত্যা করেছেন। তবে দ্বিতীয় স্ত্রী জরিনা বেগমের বলেন, তালাকের পর দুলু মিয়ার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

ওসি মুরাদ হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর