ফাইনালিস্টরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদ, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন, চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার আন্দ্রেয়াস হগবার্গ, চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ এবং চিফ ইনফরমেশন অফিসার ড. নিরঞ্জন শ্রীনিবাসনের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেলের সামনে তাদের সমাধানগুলো উপস্থাপন করেন। উদ্ভাবন, বাস্তবায়নযোগ্যতা, সামাজিক প্রভাব এবং এআইয়ের বাস্তবভিত্তিক প্রয়োগ বিবেচনায় নিয়ে ধারণাগুলো মূল্যায়ন করে প্যানেলটি।
প্রজেক্ট ‘ইকোক্লিপ’-এর জন্য প্রথম স্থান অধিকার করেছে টিম লাবডাব। এটি একটি এআই-চালিত ক্লিপ-অন ডিভাইস, যা সাধারণ স্টেথোস্কোপকে হৃদরোগের সম্ভাব্য প্রাথমিক লক্ষণ শনাক্তের যন্ত্রে রূপান্তর করে।
অন্যদিকে নদীভাঙনের পূর্বাভাস দিতে এআই-চালিত ব্যবস্থা তৈরি করে দ্বিতীয় স্থান অধিকার করেছে টিম রিভার সেন্টিনেল। এটি ঝুঁকিপূর্ণ এলাকাগুলো শনাক্ত করতে এবং ঝুঁকিতে থাকা মানুষদের আগাম পূর্বাভাস বা সতর্কতা দিতে সক্ষম।
আর প্রজেক্ট ‘স্পষ্ট এআই’-এর জন্য তৃতীয় স্থান অধিকার করেছে টিম জিনক্সড। এটি এআইয়ের সহায়তায় পরিচালিত একটি স্পিচ থেরাপি অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে নির্দেশনা অনুযায়ী বাড়িতে অনুশীলন এবং অগ্রগতি পরিমাপ করা সম্ভব। এতে ব্যক্তির প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নিশ্চিত করা যায়।
সৃজনশীলতা ও সমাধানগুলোর সম্ভাবনার স্বীকৃতি হিসেবে বিজয়ী দলগুলোকে পুরস্কৃত করা হয়। তারা যথাক্রমে ৩ লাখ, ২ লাখ ও ১ লাখ টাকা পুরস্কার পেয়েছে। পাশাপাশি গ্রামীণফোনের ফ্ল্যাগশিপ ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম ‘নেক্সট বিজনেস লিডার’ এবং ‘নেক্সটার্ন ইন্টার্নশিপ প্রোগ্রামে’ সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাবে তারা।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, বিশ্বজুড়ে শিল্পখাত ও অর্থনীতিকে নতুন রূপ দিচ্ছে এআই। আমাদের তরুণরা যেন এই রূপান্তরে অংশ নিতে প্রয়োজনীয় সরঞ্জাম, দক্ষতা ও সুযোগ পায়, তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যাতে এআইয়ের সম্ভাবনার পূর্ণ ব্যবহার করতে পারে, এজন্য আমাদের তরুণদের শুধু নতুন নতুন প্রযুক্তি শেখা ও গ্রহণে উদ্বুদ্ধ করাই নয়, বরং বাস্তব জগতের চ্যালেঞ্জ মোকাবিলায় সেগুলো কীভাবে প্রয়োগ করা যায়, সেদিকেও উৎসাহিত করতে হবে। আমি গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’-এর মতো উদ্যোগকে স্বাগত জানাই, যা সারা দেশের শিক্ষার্থীদের এআই নিয়ে কাজ করতে, দক্ষতা বাড়াতে এবং উদ্ভাবনী ধারণাগুলোকে কার্যকর সমাধানে রূপান্তর করতে একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। এই ধরনের উদ্যোগগুলো ভবিষ্যৎ-উপযোগী মেধার বিকাশ এবং বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, তরুণ উদ্ভাবকরা যেভাবে এআই ব্যবহার করে সামাজিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারে এবং আরও বেশি মানুষের কাছে ডিজিটালাইজেশনের সুফল পৌঁছে দিতে পারে, তা সত্যিই উৎসাহব্যঞ্জক। অংশগ্রহণকারীরা যেন দায়িত্বশীল উদ্ভাবন ও ডিজিটাল অন্তর্ভুক্তির প্রতি দৃঢ় অঙ্গীকার নিয়ে দেশের জন্য তাদের ধারণা বাস্তবায়নে এগিয়ে যায়, সেই আশাবাদ ব্যক্ত করছি।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, সারা দেশের তরুণদের মধ্যে যে অসাধারণ সৃজনশীলতা, মেধা এবং উদ্ভাবনী চিন্তা আমরা দেখতে পাই, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেধাবী তরুণদের এআই-চালিত ধারণা নিয়ে এগিয়ে আসতে দেখেছি, যা প্রমাণ করে যে মেধা ও সম্ভাবনা শুধু ভৌগোলিক অবস্থান বা প্রাতিষ্ঠানিক মর্যাদার ওপর নির্ভর করে না। এই ধরনের প্রতিশ্রুতিশীল মেধা দেখে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমি অত্যন্ত আশাবাদী ও আত্মবিশ্বাসী।
গ্রামীণফোনে আমরা আমাদের ভূমিকাকে সহায়তাকারী হিসেবে দেখি, যা এমন সুযোগ ও প্ল্যাটফর্ম তৈরি করে, যেখানে তরুণ উদ্ভাবকরা তাদের দক্ষতা বাড়াতে, নিজেদের সম্ভাবনা সম্পর্কে জানতে এবং তাদের ধারণাগুলোকে বাস্তবে রূপ দিতে পারে। ফিউচারমেকার্স এবং আমাদের বিস্তৃত যুব ক্ষমতায়ন-সংশ্লিষ্ট উদ্যোগগুলো কীভাবে তরুণদের চাহিদার ভাষা বুঝতে পারে এবং একটি নিরাপদ, স্মার্ট ও আরও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে তাদের অবদান রাখতে সক্ষম করে তোলে, তা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।
