মির্জাপুরে সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে দীর্ঘ ২২ বছর ধরে পরিচালিত সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন কেমিস্ট ও ড্রাগিস্টরা। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের এ সিদ্ধান্তকে অযৌক্তিক ও হঠকারী দাবি করে অবিলম্বে প্রশিক্ষণ কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছেন তারা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মির্জাপুরেও এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপজেলা শাখা ও উপশাখার কেমিস্টরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। জেলা শাখার সভাপতি মো. আবু সাঈদ চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১০ নভেম্বর বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে, তা অত্যন্ত অযৌক্তিক ও হঠকারী। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে সুনামের সঙ্গে পরিচালিত এ প্রশিক্ষণ বন্ধের সিদ্ধান্তে হাজার হাজার ওষুধ ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তি সংকটের মুখে পড়েছেন।

তারা আরও বলেন, সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিংয়ের মাধ্যমে ওষুধ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের সুযোগ পেয়ে আসছেন। হঠাৎ এ প্রশিক্ষণ বন্ধ করে দেওয়ায় নতুন করে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ সীমিত হয়ে পড়বে। এতে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বক্তারা অবিলম্বে সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে আগের মতো প্রশিক্ষণ কার্যক্রম চালু রাখার জন্য বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের প্রতি জোর দাবি জানান।

এর আগে বিসিডিএস কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ময়নুল হক চৌধুরী সারাদেশের জেলা ও উপশাখার কেমিস্টদের এ কর্মসূচি সফল করার আহ্বান জানান। তাঁর আহ্বানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলেও মানববন্ধন পালন করা হয়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর