মো: পলাশ ইসলাম, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন ঘর পেলেন অসহায় বৃদ্ধা ভিক্ষুক আয়েশা বেগম। দীর্ঘদিন ধরে অন্যের বাড়ির রান্নাঘর ও গোয়ালঘরে রাত কাটানো এই বৃদ্ধার দুর্দশার কথা জানতে পেরে তাঁর বসবাসের জন্য একটি নতুন ঘর নির্মাণ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
জানা যায়, বৃদ্ধা আয়েশা বেগম ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বেলুটিয়া গ্রামের বাসিন্দা, সারাদিন ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। রাতে মাথা গোঁজার নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় কখনো অন্যের বাড়ির রান্নাঘরে, আবার কখনো গরুর ঘরে রাত কাটাতেন। একপর্যায়ে অনেক কষ্টে পলিথিন দিয়ে একটি অস্থায়ী ঘর তৈরি করে সেখানে বসবাস শুরু করেন তিনি। তাঁর এমন মানবেতর জীবনযাপনের খবর পেয়ে এগিয়ে আসে ধনবাড়ী উপজেলা প্রশাসন। প্রশাসনের উদ্যোগে নির্মাণ করে দেওয়া হয় নতুন একটি ঘর। নতুন আশ্রয় পেয়ে আনন্দিত আয়েশা বেগম ও স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২৩ নভেম্বর) নবনির্মিত ঘরটির উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েমা তাবাচ্ছুম, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, কার্যকরী সদস্য ও আগামীর সময় পত্রিকার সাংবাদিক মো: পলাশ ইসলাম এবং যদুনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী জানান, পলিথিনের ঘরে মানবেতর জীবনযাপন করা বৃদ্ধা আয়েশা বেগমের দুরবস্থার খবর পেয়ে তাঁর জন্য একটি ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ও মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের কল্যাণ তহবিল, উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সহযোগিতায় ঘরটি নির্মাণ করা হয়েছে।
নতুন ঘর পেয়ে স্বস্তি ফিরেছে বৃদ্ধা আয়েশা বেগমের জীবনে। দীর্ঘদিনের অনিশ্চিত আশ্রয়ের কষ্ট পেরিয়ে এবার নিজের ঘরে নিরাপদে রাত কাটানোর স্বপ্ন দেখছেন তিনি।
মো: পলাশ ইসলাম
ধনবাড়ী, টাঙ্গাইল
মোবা: ০১৯৫৩২৫৫০০৮
তারিখ: ২৩-১১-২০২৬
