নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ প্রসঙ্গে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, শেখ হাসিনা ভোটকে সম্মান করলে তাকে পালিয়ে বেড়াতে হতো না। তবে শেখ হাসিনা পালিয়ে যাননি, বরং তাকে অন্য একটি দেশে পৌঁছে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন কাদের সিদ্দিকী।
তিনি বলেন, “আমাদের পতিত সরকার তিনিও যদি ভোটকে সম্মান করতেন, তাহলে তাকে পালিয়ে বেড়াতে হতো না। যদিও এখানে আমার দ্বিমত আছে। শেখ হাসিনা পালিয়ে যাননি। তাকে পৌঁছে দেওয়া হয়েছে অন্য একটা দেশে।”
নির্বাচনে মনোনয়নপত্রের জামানতের পরিমাণ কমানোর আহ্বান জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, জামানতের পরিমাণ অনেক বেশি। এটি এক হাজার টাকা হলেও কোনো ক্ষতি হতো না। এ বিষয়ে নির্বাচন কমিশনকে বিবেচনা করার অনুরোধ জানান তিনি।
নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়। বরং মানবিক শিক্ষা ও গুণাবলিকে প্রাধান্য দিতে হবে। যারা গ্রামে বসবাস করেন কিংবা লেখাপড়া করেননি, তাদের নাগরিক অধিকারও অন্যদের সমান।
নির্বাচন কমিশনের স্বাধীনতা ও দৃঢ়তার ওপর গুরুত্ব দিয়ে ১৯৯৯ সালের একটি উপনির্বাচনের উদাহরণ তুলে ধরেন তিনি। ওই নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব বিস্তার করেছিলেন বলে অভিযোগ করেন কাদের সিদ্দিকী। সে সময় প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা ভোটের ফল ঘোষণা করেননি এবং দীর্ঘদিন বিষয়টি ঝুলে ছিল বলে উল্লেখ করেন তিনি।
কাদের সিদ্দিকী বলেন, নির্বাচন কমিশনের মেরুদণ্ড শক্ত হওয়া দরকার। ভোটের বাক্সে যে ফল পাওয়া যায়, ঘোষিত ফল অনেক ক্ষেত্রে তার থেকে ভিন্ন হয় বলেও মন্তব্য করেন তিনি। বিষয়টি নির্বাচন কমিশনকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান।
১৯৭০ সালের নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পাকিস্তানিরা নির্বাচনী রায় মেনে নিলে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পরিস্থিতি তৈরি হতো না। নির্বাচনী রায় মেনে না নেওয়ার কারণেই বাঙালিকে স্বাধীনতার পথে এগোতে হয়েছিল। বাংলাদেশের জন্ম হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে। তাই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা জরুরি।
নির্বাচন কমিশনের প্রশংসা করে কাদের সিদ্দিকী বলেন, প্রধান নির্বাচন কমিশনার চা-বাগানের নির্বাচন নিয়ে গর্ব ও আশাবাদ প্রকাশ করেছেন, যা তার ভালো লেগেছে। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ছোটবেলা থেকে রিকশাশ্রমিকদের নির্বাচন দেখে আসছেন। জাতীয় নির্বাচনের চেয়ে রিকশাশ্রমিকদের নির্বাচন বেশি স্বচ্ছ, নিরপেক্ষ ও সুন্দর হয়। সেখানে ভোট চুরি কিংবা অন্যের ভোট জালিয়াতি করে নেওয়ার ঘটনা ঘটে না।
তিনি আরও বলেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হলে দেশের বিদ্যমান সমস্যার অর্ধেক আপনা-আপনি দূর হয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন।
নির্বাচনে প্রার্থীদের ব্যয় কমানোর বিষয়েও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, টাকা দিয়ে সিডি কিনে ভোটার তালিকা প্রিন্ট করা প্রার্থীদের জন্য কষ্টকর। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল প্রার্থীদের এ ব্যয় বহন করতে সমস্যা হয়। তাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের ভোটার তালিকা সরবরাহের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সম্পদ চুরির মামলা প্রসঙ্গেও নিজের মতামত তুলে ধরেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি। তিনি বলেন, স্ত্রীর নামে স্বামীর চুরির মামলা দেওয়ার সুযোগ থাকা উচিত নয়। স্ত্রী স্বামীর সম্পদের দেখাশোনার দায়িত্বে থাকেন। হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশাকে চুরির মামলায় গ্রেপ্তারের সময়ও তিনি এ বিষয়ে নিজের অবস্থান জানিয়েছিলেন বলে উল্লেখ করেন।
এ ছাড়া নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যোগাযোগের দূরত্ব কমানোর আহ্বান জানান কাদের সিদ্দিকী। তিনি বলেন, অভিযোগ জানিয়ে অনেক সময় কোনো সাড়া পাওয়া যায় না। নির্বাচন কমিশনে অভিযোগ করলে তার প্রতিকার নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা কমিশনের সঙ্গে যোগাযোগ করে সাড়া পেলে অনেক সমস্যার সমাধান সম্ভব হবে বলে মনে করেন তিনি।
