Homeটাঙ্গাইল জেলাগোপালপুরটাঙ্গাইলে ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ৮০ বছরের বৃদ্ধার ধর্ষণের অভিযোগ, বাড়িতে অনশন

টাঙ্গাইলে ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ৮০ বছরের বৃদ্ধার ধর্ষণের অভিযোগ, বাড়িতে অনশন

বিচার দাবিতে অভিযুক্তের বাড়ির আঙিনায় অনশনে বসেছেন ভুক্তভোগী বৃদ্ধা।

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। বিচার দাবিতে অভিযুক্তের বাড়ির আঙিনায় অনশনে বসেছেন ওই বৃদ্ধা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার মির্জাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত রোববার রাত ৮টার দিকে ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে আরশেদ আলী নামে ওই ব্যক্তি বৃদ্ধাকে বাড়ির বাইরে ডেকে নেন। পরে তাকে টেনে-হিঁচড়ে একটি নির্জন পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পরিবারের।

পরিবারের সদস্যরা জানান, বৃদ্ধার চিৎকার শুনে তার এক নাতি ঘটনাস্থলে গিয়ে আরশেদ আলীকে আটক করেন। পরে অভিযুক্তের পরিবারের ১৫ থেকে ২০ জন সদস্য লাঠিসোঁটা নিয়ে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তার ছেলে ও নাতিদের মারধর করে অভিযুক্তকে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। তবে কয়েক দফা চেষ্টা করেও সমাধান হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিবারের দাবি, আর্থিক অসচ্ছলতার কারণে তারা আইনি প্রক্রিয়ায় যেতে পারছেন না। তাই বিচার দাবিতে অভিযুক্তের বাড়িতে অনশনে বসেছেন বৃদ্ধা। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি সেখান থেকে যাবেন না বলেও জানিয়েছেন।

তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তের ছেলে আসলাম। তার দাবি, তার বাবা ঝাড়ফুঁক দেওয়ার জন্য ওই বৃদ্ধার বাড়িতে গিয়েছিলেন। পরে পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীর পরিবারের লোকজন তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর করে দুই লাখ টাকা নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি।

অভিযুক্ত আরশেদ আলীকে বাড়িতে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং খোঁজখবর নিয়ে জানাবেন।

RELATED ARTICLES

Most Popular