নিজস্ব প্রতিনিধি: শারীরিক অসুস্থতা ও পারিবারিক ব্যস্ততার কারণ দেখিয়ে টাঙ্গাইলের সখীপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম রফিক। একই সঙ্গে তিনি সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
২ অক্টোবর ২০২৬ তারিখে সখীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দেওয়া এক লিখিত পদত্যাগপত্রে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেও পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন তিনি।
পদত্যাগপত্রে রফিকুল ইসলাম রফিক উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। এ কারণে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিতে হচ্ছে। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার পাশাপাশি পারিবারিক ব্যস্ততার কারণে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড ও পরিবারকে প্রয়োজনীয় সময় দিতে পারছেন না তিনি।
এ পরিস্থিতিতে সার্বিক বিষয় বিবেচনা করে স্বেচ্ছায় সখীপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান রফিকুল ইসলাম।
পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, রাজনীতি থেকে সরে দাঁড়ানোর এ সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। এর পেছনে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা অন্য কোনো মহলের চাপ কিংবা প্রভাব নেই। নিজের শারীরিক অসুস্থতা ও পারিবারিক পরিস্থিতি বিবেচনা করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
বিদায়ী বার্তায় রাজনৈতিক জীবনে যারা তাঁকে ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবেক এই কাউন্সিলর। একই সঙ্গে সবার সুস্বাস্থ্য, শান্তি ও মঙ্গল কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।
