নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে তিনটি স্টিলের আলমারি ভাঙচুর এবং একটি কাঠের ওয়ার্ডরোব তছনছ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে শহরের ময়মনসিংহ সড়কের পলাশতলী এলাকার বাড়িটিতে এ ঘটনা ঘটে।

বাড়িটিতে মামুনুর রশীদের বোন আফিয়া খান (রোজি) বসবাস করেন। তবে ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। এ ঘটনায় রোববার (১২ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। অভিযোগে কী কী জিনিস চুরি হয়েছে, তা বিস্তারিত উল্লেখ করা হয়নি।

আফিয়া খানের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ঢাকায় যাওয়ার সময় তিনি তাঁর পূর্বপরিচিত শফিকুর রহমানকে বাড়িটি দেখাশোনার দায়িত্ব দিয়ে যান। শনিবার সকাল ৯টার দিকে শফিকুর বাড়িতে তালা দিয়ে বাইরে যান। তখন বাড়ির সবকিছু ঠিকঠাক ছিল। বিকেল ৫টার দিকে ফিরে তিনি বারান্দার গ্রিলের তালা ভাঙা দেখতে পান। পরে ঘরে ঢুকে মেঝেতে বিভিন্ন জিনিসপত্র ছড়ানো-ছিটানো অবস্থায় দেখতে পান। এ সময় তিনটি স্টিলের আলমারি ভাঙা এবং কাঠের একটি ওয়ার্ডরোব খোলা ছিল।

আলমারিগুলোতে তাঁদের নয় ভাইবোনের মূল্যবান জিনিসপত্র রাখা ছিল। তবে আফিয়া খান ঢাকায় থাকায় এবং তাঁর ভাইবোনেরা সবাই উপস্থিত না থাকায় কী কী জিনিস চুরি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নআফিয়া খান বলেন, ‘এটা কি নিছক চুরি নাকি অন্য কোনো উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে, এখনই বুঝতে পারছি না।’

নাট্যকার মামুনুর রশীদ বলেন, পৈতৃক বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে আলমারির জিনিসপত্র তছনছ করা হয়েছে। তিনি ভাইবোনদের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছেন। টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জি বলেন, এ বিষয়ে তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর