নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের আউলটিয়া ঋষিপাড়া কালী মন্দির এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়ার দ্রুত হস্তক্ষেপে বিয়ের আয়োজন বন্ধ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে বিয়ের আয়োজন করা হয়েছিল। সোমবার দিবাগত রাত ১২টার দিকে বিয়ের সময় নির্ধারণ করা হয়। বিষয়টি জানতে পেরে স্থানীয় এক সচেতন নাগরিক উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াকে জানান।
খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেন ইউএনও। তাঁর নির্দেশে উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শামীমা আক্তার শাম্মী রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে প্রশাসনের পক্ষ থেকে বিয়ের আয়োজন বন্ধ করে দেন।
পরে কিশোরীর বাবা লিখিত মুচলেকা দিয়ে অঙ্গীকার করেন, মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তার বিয়ে দেবেন না।
বাল্যবিবাহ বন্ধের সময় টাঙ্গাইল সদর থানার এসআই মাহবুব এবং স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সুজন মিয়া উপস্থিত ছিলেন।
প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ হওয়ায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।
