টাঙ্গাইল শহরের জন্য গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে যুগনির সুইস গেট

১৯৮৯ সালে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রণীত ফ্লাড অ্যাকশন প্ল্যানের (ফ্যাপ-২০) আওতায় টাঙ্গাইলের যমুনা নদীর প্লাবনভূমিতে বন্যা নিয়ন্ত্রণ ও পানি ব্যবস্থাপনার লক্ষ্যে নির্মাণ করা হয় বিভিন্ন অবকাঠামো। এরই অংশ হিসেবে টাঙ্গাইল শহর রক্ষা বাঁধের সঙ্গে বাঘিল ইউনিয়নের কাঠুয়া যুগনি এলাকায় লৌহজং নদীর ওপর নির্মাণ করা হয় সুইস গেট। তবে দীর্ঘ ৩৭ বছর পর সেই গেটই এখন টাঙ্গাইল শহর ও আশপাশের এলাকার জলাবদ্ধতা, কৃষি ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়ভাবে সিলিমপুর-করটিয়া বাঁধ নামে পরিচিত ২১ কিলোমিটার দীর্ঘ শহর রক্ষা বাঁধটি টাঙ্গাইল পৌরসভা ও আশপাশের এলাকাকে নদীভাঙন ও বন্যা থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে বাঁধের ভেতরের পানি নিষ্কাশনের একমাত্র ইনলেট হিসেবে নির্মিত যুগনির সুইস গেটটি প্রয়োজন অনুযায়ী পরিচালিত না হওয়ায় লৌহজং নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। পলি জমে নদীটি নাব্যতা হারাচ্ছে, ব্যাহত হচ্ছে মাছের চলাচল ও উৎপাদন। একই সঙ্গে খাল-বিল ভরাট হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে জলজ পরিবেশ।

অন্যদিকে, নিষ্কাশনব্যবস্থা কার্যকর না থাকায় বর্ষায় টাঙ্গাইল শহর ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে। বৃষ্টির পানি জমে ঘরবাড়ি, রাস্তাঘাট ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যাহত হচ্ছে রবি ফসলের আবাদ। একসময়কার প্রমত্ত শ্যামা বাবুর খাল ১৯৯৬ সালে ড্রেনে রূপান্তর করা হলেও কার্যকর পানি নিষ্কাশনব্যবস্থার অভাবে সমস্যার সমাধান হয়নি।

পানি বিশেষজ্ঞ ও পরিবেশবিদ ড. মোবাশ্বেরা মনে করেন, ২১ কিলোমিটার বাঁধের ভেতরের পানি ব্যবস্থাপনার জন্য একটি সুইস গেট যথেষ্ট নয়। তিনি গেটটির আধুনিকায়ন, আরও ২-৩টি সুইস গেট বা কালভার্ট নির্মাণ এবং লৌহজং নদী ও শ্যামা বাবুর খাল খননের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি গেট পরিচালনায় স্থানীয় পানি ব্যবহারকারী সমিতিকে যুক্ত করার কথা বলেন তিনি।

স্থানীয় বাসিন্দা রহিম শেখ ও কৃষক রইজ উদ্দিনের অভিযোগ, গেট কখন খোলা বা বন্ধ করা হবে, তার কোনো স্বচ্ছ নীতিমালা নেই। অনেক সময় ব্যক্তি স্বার্থে গেট পরিচালনার কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

টাঙ্গাইল জেলা সচেতন নাগরিক ফোরামের সভাপতি অকিবুর রহমান ইকবাল বলেন, ৩৭ বছর আগের পরিকল্পনা বর্তমান বাস্তবতায় কার্যকারিতা হারিয়েছে। গেটটি রাখতে হলে আধুনিকায়ন করা জরুরি।

টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বলেন, নদী, মানুষ ও শহরকে বাঁচাতে যুগনির সুইস গেট নিয়ে বৈজ্ঞানিক ও পরিবেশবান্ধব সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে জানতে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

টাঙ্গাইল শহরকে নদীভাঙন ও বন্যা থেকে রক্ষায় শহর রক্ষা বাঁধ গুরুত্বপূর্ণ হলেও এর ভেতরের পানি নিষ্কাশন, কৃষি ও নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। তাই যুগনির সুইস গেটের আধুনিকায়ন ও কার্যকর পানি ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর