নিউজ টাঙ্গাইল ডেস্ক: ‘ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করে এমন শক্তি বিএনপি-জামাতের নেই।’ আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে থাকি তা হলে আমাদের মধ্যে বিভাজন নয় ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার (২ ডিসেম্বর) নাগরপুর সরকারি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাড. তারানা হালিম এমপি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তা হলে অবশ্যই নৌকা মার্কা জিতবে। আমি বিশ্বাস করি নৌকা মার্কা জিতলে জিতে শেখ হাসিনা আর শেখ হাসিনা জিতলেই আমি জিতি। তাই আগামি নির্বাচনের আগেই আমাদের ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তিকে রুখতে হবে তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব। আগামীতে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।
সম্মেলনে উপস্থিত সকল নেতা কর্মীকে উদ্দেশ্য করে তিনি বলেন,আগামিতে দল যাকেই মনোনয়ন দিক তার পক্ষে কাজকরে তাকে নির্বাচিত করুন।
সম্মেলন উদ্বোধন করেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল। প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড, মোল্লা মো. আবু কাউছার। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বাবর আল মামুনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মতিউর রহমান মতি, কাজি শহিদুল্লাহ লিটন, আব্দুল আলিম বেপারি, ডা. আব্দুস সালাম প্রামানিক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামিলুর রহমান মিরন, তারেক শামস খান হিমু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. কুদরত আলী প্রমুখ।
