বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরপ্রেমিকার অভিনয় করে আসামি ধরলেন সখীপুর থানার নারী কনস্টেবল পারুল

প্রেমিকার অভিনয় করে আসামি ধরলেন সখীপুর থানার নারী কনস্টেবল পারুল

নিজস্ব প্রতিনিধি: এবার প্রেমিকার অভিনয় করে ট্রাক্টর চোর চক্রের এক সদস্যকে ধরলেন সখীপুর থানার নারী কনস্টেবল পারুল। গত শুক্রবার ট্রাক্টর চোর চক্রের ওই সদস্যকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির নাম সাব্বির আহমেদ ওরফে বাবু (৩৫)। তার কাছ থেকে তথ্য নিয়ে তানভীর আহমেদ (৩০) নামের আরেক ব্যক্তিকেও পুলিশ গ্রেপ্তার করে। সাব্বির ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার বাসিন্দা। তানভীর কিশোরগঞ্জের সদর উপজেলার উত্তর মোল্লাবাড়ী এলাকার বাসিন্দা।

সখীপুর থানার এসআই ওবায়দুল্লাহ বলেন, গত ১১ সেপ্টেম্বর সাব্বির জমি চাষ করবেন বলে লাক মিয়া নামের এক ট্রাক্টরমালিককে উপজেলার কচুয়া বাজারে আসতে বলেন। লাক মিয়া ট্রাক্টর চালিয়ে কচুয়া বাজারে আসলে সংঘবদ্ধ চোরেরা তাকে জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ খাওয়ায়। এরপর চোরেরা ট্রাক্টর ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। লাক মিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সুস্থ হয়ে ১৯ সেপ্টেম্বর লাক মিয়া বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন।

এসআই আরও বলেন, ট্রাক্টর নেওয়ার কয়েক দিন পর সাব্বির মোবাইল ফোনে লাক মিয়ার কাছে টাকা দাবি করেন। বিকাশের মাধ্যমে দুই লাখ টাকা দিলে ট্রাক্টর ফেরত দেওয়া হবে বলে জানান সাব্বির। লাক মিয়া বিষয়টি থানার পুলিশকে জানান। পরে আসামিকে ধরতে থানার নারী কনস্টেবল পারুল আক্তার ওই নম্বরে ফোন দিয়ে প্রেমের অভিনয় করেন। একপর্যায়ে সাব্বির ওই নারী পুলিশের প্রেমে পড়ে যান। ২৭ সেপ্টেম্বর সকালে সাব্বির তাঁর প্রেমিকা পারুলের সঙ্গে দেখা করতে সখীপুর আসেন। সখীপুর পিএম মডেল গভ. স্কুল অ্যান্ড কলেজ মাঠে পারুলের সঙ্গে সাব্বিরের দেখা হয়। সাদাপোশাকে পুলিশ ওই বিদ্যালয়ের আশপাশে অবস্থান নেয়। একপর্যায়ে নারী পুলিশ পারুল সাব্বিরের জামার কলার ধরে টেনে অন্য পুলিশ সদস্যদের কাছে তুলে দেন।

এসআই ওবায়দুল্লাহ বলেন, সাব্বিরের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ লালমনিরহাটের কালীগঞ্জ থানা এলাকা থেকে ২৯ সেপ্টেম্বর ট্রাক্টরটি উদ্ধার করে।

সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, সাব্বির ট্রাক্টরটি বিক্রি করে দিয়েছিলেন। পুলিশ ট্রাক্টর বিক্রির ৫০ হাজার টাকাও উদ্ধার করেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular