এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলে বাস চাপায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলাউদ্দিন আল আজাদ (৫৫) নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের কর্মস্থল সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে সকল কর্মকর্তা-কর্মচারীরা দুইদিন ব্যাপি কালোব্যাচ ধারণ কর্মসূচি পালন করছেন।
জানা যায়, রোববার বিকেলে সাড়ে ৫টার দিকে তার কর্মস্থল সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে সিনজি যোগে টাঙ্গাইল বেপারী পাড়া নিজ বাসভবনে রওয়ানা হন। বাসায় পৌঁছে কিছুক্ষণ বিশ্রামের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটতে হাটতে আশেকপুর বাইপাস এলাকায় গেলে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোমবার দুপুরে তার নিজ বাড়ি নাগরপুর থানার এলাসিন গ্রামে জানাযা শেষে বিকেল ৫টায় টাঙ্গাইল কেন্দ্রিয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন নিহতের পরিবারের প্রতি সমবেদনা ও আত্মার মাগফিরাত কামনা করেন।
এ ব্যাপারে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা বলেন, রোববার সন্ধ্যায় আশেকপুর বাইপাস এলাকায় রাস্তা পাড় হওয়ার সময় তিনি ট্রাকের চাপায় গুরুতর আহত হন। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার সকালে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ঘাতক ট্রাকসহ চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
ু
