বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট চলছে। রোববার রাজধানীর পাঁচতারকা হোটেল র্যাডিসন ব্লুতে বেলা ১২টায় শুরু হয় এ নিলাম। তাতে দল পেয়েছেন ব্যাটিং সেনসেশন মোহাম্মদ আশরাফুল।
তাকে কিনেছে চিটাগাং ভাইকিংস। ‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন আশরাফুল। ডানহাতি এই ব্যাটসম্যানের পারিশ্রমিক ১৮ লাখ টাকা। বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ গড়াপেটার অভিযোগে ২০১৩ সালের জুন মাস থেকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হন আশরাফুল। তাকে তিন বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ মোট ৮ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।
আপিলের পর সেই শাস্তি কমে হয় ২ বছরের স্থগিতসহ ৫ বছরের নিষেধাজ্ঞা। তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬ সালের আগস্টে ঘরোয়া ক্রিকেটে ফেরেন আশরাফুল। তবে স্থগিত নিষেধাজ্ঞার সময়ে ফ্র্যাঞ্চাইজি ও আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন তিনি। সেই নিষেধাজ্ঞা থেকে গত ১৩ আগস্ট মুক্তি পান।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বিসিবির হাইপারফরম্যান্স দলের হয়ে খেলেছেন আশরাফুল। বর্তমানে খেলছেন ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে। ব্যাট হাতে ধারাবাহিক না হলেও বিপিএলে তার ওপর আস্থা রাখল চিটাগং।
