রবিবার, জুন ২৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে আ. লীগের পাল্টাপাল্টি কর্মসূচি, শহর জুড়ে সমালোচনা

টাঙ্গাইলে আ. লীগের পাল্টাপাল্টি কর্মসূচি, শহর জুড়ে সমালোচনা

নিউজ ডেস্ক: টাঙ্গাইল শহরে পৃথকভাবে মহান মে দিবসের কর্মসূচি পালিত হয়েছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ দুই ভাগে বিভক্ত হয়ে কর্মসূচি পালনকে কেন্দ্র করে তাদের শক্তি সামর্থ্য প্রদর্শন করছেন বলে অনেকে মন্তব্য করছেন। এ নিয়ে সকাল থেকেই শহর জুড়ে চলে আলোচনা-সমালোচনা। এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর ছিল।

সোমবার (১ মে) বেলা ১১টার দিকে জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শহরের পৌর উদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সাবেক সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু ও জেলা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মিয়া (চাঁন মিয়া) এবং শ্রমিক নেতা চিত্তরঞ্জন দাস প্রমুখ। এসময় হাজারো শ্রমিক ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আজকে শ্রমিকরা সুসংগঠিত। আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করছি। তবে একটি মহল আবারো টাঙ্গাইলের রাজনীতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে সকল অবশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এর আগে শ্রমিকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পৌর উদ্যানে মিলিত হয়।

এদিকে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পৌর এলাকার সর্বস্তরের শ্রমিকবৃন্দের ব্যানারে আরেকটি গণজমায়েত ও শহরে র‌্যালি অনুষ্ঠিত হয়। শহরের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও শ্রমিক নেতা আব্দুল কাদেরের সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এসএম সিরাজুল হক আলমগীর প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, সাবেক দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, জেলা শ্রমিক লীগের সহসভাপতি আব্বাস আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহমেদ রাজীব প্রমুখ।

এ সময় টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র হাফিজুর রহমান স্বপন ও কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিকরা উপস্থিতি ছিলেন।

টাঙ্গাইলে মে দিবস পালন উপলক্ষে আওয়ামী লীগের নেতৃবৃন্দ দুই ভাগে বিভক্তি হওয়ায় সাধারণ শ্রমিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। শহরে মানুষের মধ্যে ছিল আলোচনা-সমালোচনা। অনেকে বলছেন মে দিবস উপলক্ষে দুই পক্ষ তাদের শক্তি সামর্থ্য প্রদর্শনের চেষ্টা করছে। ফুটে উঠেছে আওয়ামী লীগের গ্রুপিং ও বিভক্তি।

পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর বলেন, পৌর এলাকার শ্রমিকরা মিলিত হয়ে এ কর্মসূচির আয়োজন করেন। দীর্ঘদিনের অবহেলিত, নির্যাতিত– বঞ্চিতরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের আমন্ত্রণ করেছিলেন। আমরা তাঁদের ডাকে অনুষ্ঠানে উপস্থিত হই। এটা কোনো দলীয় প্রোগ্রাম না।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক জানান, শহরের উদ্যানে অনুষ্ঠিত সমাবেশটিই গ্রহণযোগ্য। এখানে সরকারি কর্মকর্তাসহ শ্রমিক নেতারা যোগদান করেছেন। বিক্ষিপ্তভাবে শহরের প্রাণকেন্দ্রে আরেকটি র‌্যালি বা সমাবেশ কোনোভাবেই কাম্য নয়।

টাঙ্গাইল সদর থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, শহরের পৌর উদ্যানে শহীদ মিনারে পৃথকভাবে দুটি অনুষ্ঠান হয়েছে। এছাড়া বিএনপির উদ্যোগেও মে দিবস পালিত হয়েছে। ফলে শহরে হাজারো শ্রমিকের সমাবেশ ঘটে। ছোটখাটো যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে আমরা বরাবরের মতো তৎপর ছিলাম।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular