নিজস্ব প্রতিনিধি: খদ্দেরের মোবাইল থেকে ৯৯৯-এ কল দেয়ায় টাঙ্গাইল যৌনপল্লী থেকে ১৫ বছরের এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। টাঙ্গাইল শহরের কান্দাপাড়ায় অবস্থিত যৌনপল্লী থেকে মঙ্গলবার (১৮) ডিসেম্বর ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
পুলিশ জানান, কিশোরীটির কাছে আগত এক খদ্দেরের কাছে তার কষ্টের কথা বললে, সেই ব্যক্তি ৯৯৯ এ কল করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। বুধবার বিকেলে টাঙ্গাইল মডেল থানার ওসি সায়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া ওই কিশোরীর বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়। মেয়েটিকে উদ্ধার অভিযানের নেতৃত্বে ছিলেন টাঙ্গাইল মডেল থানা পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ওই কিশোরী কয়েকমাস আগে ভাগ্যান্বেষণে ঢাকায় এসেছিল। ঢাকায় গাবতলি এলাকায় একটি গার্মেন্টে কাজে যোগ দেয়। কর্মস্থলে যাওয়া-আসার পথে রুবেল নামের এক ব্যক্তির সাথে পরিচয় হয় তার। এর পর পরিচয় থেকে এক সময় ঘনিষ্ঠতা বাড়ে। একদিন রুবেল ওই কিশোরীর সাথে শাহনাজ নামের এক নারীর পরিচয় করিয়ে দেয়। পরিচয়ের এক পর্যায়ে একটি দোকান থেকে তারা কোল্ড ড্রিংকস পান করে। এর তিনদিন পর ওই কিশোরী অজ্ঞান অবস্থায় টাঙ্গাইল শহরের কান্দাপাড়ার যৌনপল্লীতে। সেখানে প্রায় ৩ মাস কাটে তার। অনেক কাকুতি-মিনতির পরও মেলে না উদ্ধার।
এ অবস্থায় মঙ্গলবার সকালে এক খদ্দেরের কাছে ওই কিশোরী অন্ধকার জগত থেকে তাকে মুক্ত করার জন্য অনুরোধ জানায়। ওই খদ্দেরই ঘটনাটি জানায় ৯৯৯-এ। ৯৯৯ থেকে ঘটনাটি টাঙ্গাইল মডেল থানায় জানানো হলে সংশ্লিষ্ট থানা পুলিশ উদ্ধার করে নিয়ে আসে ওই কিশোরীকে।
এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার ওসি সায়েদুর রহমান বলেন, যৌলপল্লী থেকে ওই কিশোরিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা এবং আইনগত ব্যবস্থার পর তাকে পরিবারের হস্তান্তর করা হবে বলে ওসি জানান।
