টাঙ্গাইলের সখীপুরে ট্রাকের চাপায় হীরামতি সিরাজ ইসলাম (৬০) নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজ ইসলাম সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকার জায়েদা মার্কেটের বাসিন্দা। তিনি মৃত এশাক আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজ ইসলাম আন্দি এলাকা থেকে অটোভ্যান চালিয়ে সখীপুরের দিকে আসছিলেন। পথে সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে একটি ট্রাক ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর অটোভ্যানটিকে সজোরে চাপা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতের বড় ছেলে মো. মিজান হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ হাসপাতাল থেকে থানায় আনার প্রক্রিয়া চলছে। চালককে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
