নিউজ টাঙ্গাইল ডেস্ক: সুরকার-কণ্ঠশিল্পী শফিক মাহমুদের কণ্ঠে প্রকাশ পেলো ‘বান্ধি নাইরে ঘর’ শিরোনামের গান। আলভী রহমান তপুর কথায় গানটির সুর-সঙ্গীতায়োজন করেছেন এফ এ সুমন। শফিক মাহমুদের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নে।
এই গান প্রসঙ্গে শফিক মাহমুদ বলেন, ‘সুমন ভাইয়ের সুর-সঙ্গীতে কন্ঠ দিতে পেরেছি এটি আমার সঙ্গীত ক্যারিয়ারে বড় একটি প্রাপ্তি। অনেক সময় নিয়ে আমরা সবাই কাজটি করেছি। আশা করছি গান-ভিডিওটি সবার ভালো লাগবে।’
এফ এ সুমন বলেন, ‘শফিক মাহমুদের কন্ঠে আলাদা দরদ আছে, গায়কী ভালো। গানের সঙ্গে থাকলে ও অনেক দুর যাবে। ওর জন্য শুভকামনা থাকলো।’
গানের কথার সঙ্গে মিল রেখে গানের ভিডিও নির্মাণ করেছেন শামীম আহসান। এতে অভিনয় করেছেন আলভী রহমান তপু, মমি খান ও শামীম আহসান। আছে শফিক মাহমুদের উপস্থিতিও।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গান-ভিডিও ‘বান্ধি নাইরে ঘর’। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট , জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
