নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে গণপরিবহনের নিরাপত্তার কারণ দেখিয়ে পরিবহন ধর্মঘট শুরু করেছেন মালিক ও শ্রমিকেরা। শুক্রবার (৩ আগস্ট) সকাল থেকে সকল যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে করে টাঙ্গাইল থেকে ঢাকাসহ অন্যান্য জেলার সাথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে টাঙ্গাইল জেলা থেকে যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে চরম দুর্ভোগ ও বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। তাদের পায়ে হেঁটে ও তিনচাকার যানে চড়ে গন্তব্যে যেতে হচ্ছে। পরিবহন মালিক ও শ্রমিকরা গাড়ি বের না করায় জেলা থেকে দূরপাল্লার পাশাপাশি অভ্যন্তরীণ সড়কেও পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে।
টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুর রহমান তাবিব টিনিউজকে জানান, বর্তমানে সড়ক, মহাসড়কে মালিক ও শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই। ঢাকায় আন্দোলনকারীরা ইচ্ছেমতো পরিবহন ভাংচুর ও তাতে আগুন দিচ্ছে। এর প্রতিবাদে ফেডারেশনের নির্দেশে শুক্রবার সকাল থেকে সবধরনের পরিবহন বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে।
