নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ড্রেন থেকে উদ্ধার হওয়া নবজাতক ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
৬ জানুয়ারি রবিবার দুপুরে তাকে ঢাকা শিশু হাসপাতালে প্রেরণ করা হয়। শুক্রবার সন্ধ্যা থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছিলো। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহা বলেন, ক্রমেই শিশুটির শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ার কারণে তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। জেলা সমাজ সেবা কার্যালয়ের সহযোগিতায় তাদের এক কর্মকর্তা ও হাসপাতালের দুই কর্মকর্তা ঢাকায় নিয়ে যাওয়া পর্যন্ত তাকে সার্বিক দেখবাল করবে।
এ ব্যাপারে টাঙ্গাইল সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, রবিবার সকালে শিশুটির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ঢাকা শিশু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। আমি শিশুটির সুস্থ্যতা কামনা করছি।
উল্লেখ্য, ৪ জানুয়ারি শুক্রবার সন্ধ্যার দিকে এক নারী পরিচ্ছন্নতাকর্মী হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের পেছনের ড্রেন থেকে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করেন। শিশুটি হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলো। শিশুটির ওজন মাত্র ১ কেজি ৩০০ গ্রাম। এ ধরনের শিশু খুব ঝুঁকিপূর্ণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা স্থানান্তর করা হয়।
