নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী বাজারে হুরমুজ আলীর তুলার গোডাউনে ভয়াবহ আগ্নিকান্ড সংগঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অগ্নিকান্ডে গোডাউন, কয়েকটি মেশিন ও তুলা পুড়ে ছাই হয় যায়। এতে ক্ষতি হয়েছে প্রায় ১০ লাখ টাকা। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দেড় ঘন্টা পরিশ্রম করে আগুন নেভাতে সক্ষম হয়।
গোডাউন মালিক হুরমুজ আলী জানান, দুপুর দেড়টার দিকে গোডাউনের ভিতর বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে একটি মেশিনে আগুন ধরে যায়। কিছু বুঝে উঠার আগেই মুহুর্তের মধ্যেই তা পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌছে ভূঞাপুর ফায়ার সার্ভিসের একটি দল। তারা স্থানীয় লোকজনের সহায়তায় দেড় ঘন্টার অক্লান্ত পরিশ্রমে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে গোডাউনের ভিতরে থাকা কয়েকটি মেশিন, তুলাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। অগ্নিকান্ডের খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তফিজুর রহমান বাবলু, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন ও ভূঞাপুর উপজেলা প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
অগ্নিকান্ডের বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বলেন, আমি জরুরী কাজে ব্যস্ত থাকায় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকান্ডের ঘটনায় জেলা পরিষদে আবেদনের মাধ্যমে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
