নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল-বাসাইল সড়কের কাশিলে আবারও ডাকাতের উৎপাত শুরু হয়েছে। গতরাতে (৬ এপ্রিল) কাশিলের তেলের পাম্পের পশ্চিম পাশে ডাকাত দল হামলা করে একটি গাড়িতে। পরে কোনোমতে প্রাণ বাঁচিয়ে চলে যায় যাত্রীরা।
জানা যায়, বাসাইলের মনির হোসেন নামের এক চালক ঢাকা মেট্রো চ -১১- ৬৮৭১ নম্বরের একটি নোয়া গাড়ি নিয়ে ময়থা গাছ পাড়া থেকে যাত্রী বহন করে বিমান বন্দরে যাচ্ছিলেন। রাত ২টার দিকে টাঙ্গাইল-বাসাইল সড়কের কাশিল তেলের পাম্পের পশ্চিমপাশে গেলে অস্ত্রধারী ৬ ডাকাত রাস্তায় দাঁড়িয়ে গাড়ির গতিরোধ করে। তাদের তিনজনের হাতে ছিল রাম দা।
চালক গাড়ির গতি কমালে ডাকাতরা রাস্তার পাশে চলে যায়। এ সময় চালক গতি বাড়ালে এক ডাকাত গাড়ির সামনের গ্লাসে কোপ দেয়। পরে গাড়ির গ্লাস ভেঙ্গে যায়।
গাড়ির মালিক সাজেদুল ইসলাম জানান, বিমান বন্দরের যাত্রী আনা নেয়ার জন্য মাঝে মধ্যেই রাতের বেলা গাড়ি পাঠাতে হয়। একটি ব্যস্ততম সড়ক এভাবে অরক্ষিত হয়ে পড়লে রাতের বেলা গাড়ি চালানো বন্ধ করে দেয়া ছাড়া আমাদের কোন উপায় থাকবে না।
