রবিবার, জুন ২৮, ২০২৬
Homeবিনোদন‘দিন দ্য ডে’ বলিউডেও চাঞ্চল্য সৃষ্টি করেছে: অনন্ত

‘দিন দ্য ডে’ বলিউডেও চাঞ্চল্য সৃষ্টি করেছে: অনন্ত

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক অনন্ত জলিল। ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে তার বিগ বাজেটের সিনেমা ‘দিন : দ্য ডে’। সিনেমাটির প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল নিজেই।

এরই মধ্যে সিনেমাটির বাজেট নিয়েও আলোচনার শেষ নেই। অনন্ত জানিয়েছেন সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকা। ১০ জুলাই দেশের ১০৭টি হলে মুক্তি পেয়েছে ‘দিন দ্য ডে’ সিনেমাটি।

বর্তমানে এ সিনেমার প্রচার-প্রচারণা নিয়ে দেশের নানান প্রান্তে যাচ্ছেন অনন্ত-বর্ষা। এছাড়া প্রচারণা চালানো হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনন্তের দাবি শুধু দেশে নয়, ‘দিন দ্য ডে’ সিনেমাটি নিয়ে ইতিমধ্যে বলিউডেও চাঞ্চল্য সৃষ্টি করেছে।

মঙ্গলবার (১৯ জুলাই) রাতে নিজের অফিসিয়াল ফেসবুজ পেজে এক স্ট্যাটাসে অনন্ত জলিল বলেন, “বলিউড মিডিয়া ‘দিন দ্য ডে’ সিনেমা নিয়ে গুঞ্জন করছে, অনেক বলিউড মিডিয়া ইন্সটাগ্রামে পোস্ট করেছে ‘দিন দ্য ডে’ সিনেমা নিয়ে। বাংলাদেশের এই সিনেমাটি সবার আলোচনায় বেশ গুঞ্জন সৃষ্টি করেছে। আমরা এটা নিয়ে খুব খুশি।”

তিনি বলেন, ‘ভাল কাজ করলে যে সুফল পাওয়া যায় এটাই তার প্রমাণ। আমাদের দেশের চলচ্চিত্র বলিউডে চাঞ্চল্য সৃষ্টি করেছে, যা বাংলাদেশি চলচ্চিত্র শিল্পের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।’

এদিকে সিনেমাটির বিষয়ে চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা জানিয়েছেন, বলিউডের ইনস্টাগ্রাম পেজ থেকে ফোন করে তার প্রশংসা করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘বিগ বাজেটের সিনেমা এত সুপারহিট হয়েছে, যেটা আসলে প্রাউড করার মতো। দেখেন কী হয়, কোনো একটা দেশে একটা ঘটনা ঘটলে কী হয়, সেটা সমালোচিত হোক আর আলোচিত হোক, সুপারহিট কোনো কিছু হলে? বিদেশের কিছু ব্লকবাস্টার সিনেমা নিয়ে আপনারা নিউজ করেছেন, সেভাবে কিন্তু বলিউড পর্যন্ত পৌঁছে গেছে; বাংলাদেশে একটা সিনেমা হয়েছে ‘দিন: দ্য ডে’। তারা আমাদের নম্বর সংগ্রহ করে কল করছে…।’

উল্লেখ্য, ঈদুল আজহায় তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এরমধ্যে শতাধিক ও সর্বাধিক প্রেক্ষাগৃহে চলছে অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত ‘দিন দ্য ডে’। এই সিনেমায় অনন্তর নায়িকা তার স্ত্রী বর্ষা। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। যৌথ প্রযোজনার এ সিনেমায় আরো অভিনয় করেছেন অনন্তর বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগর প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular