কিছু মানুষ সময়ের সীমানা পেরিয়ে বেঁচে থাকেন তাঁদের সৃষ্টিতে। তাঁদের গল্পের চরিত্র হয়ে ওঠে পাঠকের আপনজন, সংলাপ ঘুরে ফিরে আসে মানুষের মুখে। বাংলা সাহিত্যের তেমনই এক অনন্য নাম হুমায়ূন আহমেদ। কথাসাহিত্য, নাটক ও চলচ্চিত্রে অসামান্য অবদান রাখা এই কিংবদন্তির আজ শুক্রবার (১৩ নভেম্বর) ৭৮তম জন্মবার্ষিকী।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। ২০১২ সালের ১৯ জুলাই পৃথিবী থেকে বিদায় নিলেও তাঁর সাহিত্য ও নির্মাণকর্মের আবেদন এখনো অমলিন।
হুমায়ূন আহমেদের লেখার সবচেয়ে বড় শক্তি ছিল সহজ ভাষায় মানুষের জটিল অনুভূতি তুলে ধরা। মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন, সম্পর্কের ওঠানামা, ভালোবাসা, বিষণ্নতা, হাস্যরস কিংবা জীবনের গভীর দর্শন সবকিছুই তিনি তুলে ধরেছেন নিজস্ব বর্ণনাভঙ্গিতে। তাঁর গল্পের চরিত্র ও পরিচিত পরিবেশের সঙ্গে পাঠকেরা সহজেই নিজেদের মিল খুঁজে পেতেন। এভাবেই তিনি হয়ে ওঠেন বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক।
১৯৭২ সালে প্রকাশিত তাঁর উপন্যাস ‘নন্দিত নরকে’ সাহিত্যাঙ্গনে বিশেষ পরিচিতি এনে দেয়। এরপর একের পর এক উপন্যাস, ছোটগল্প, কিশোর সাহিত্য ও অন্যান্য রচনার মধ্য দিয়ে গড়ে ওঠে তাঁর সমৃদ্ধ সাহিত্যভুবন। তাঁর রচিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘কবি’, ‘লীলাবতী’ ও ‘দেয়াল’-এর মতো বই আজও পাঠকের কাছে সমান আলোচিত।
সাহিত্যের পাশাপাশি টেলিভিশন নাটকেও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন হুমায়ূন আহমেদ। ১৯৮৩ সালে ‘প্রথম প্রহর’ নাটকের মধ্য দিয়ে টেলিভিশন নাট্যকার হিসেবে তাঁর যাত্রা শুরু। পরে ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’ ও ‘আজ রবিবার’-এর মতো নাটক দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশেষ করে ‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাই চরিত্রটি দর্শকের আবেগের অংশ হয়ে উঠেছিল।
তাঁর সৃষ্ট কালজয়ী সাহিত্যিক চরিত্রগুলোর মধ্যে হিমু ও মিসির আলী বিশেষভাবে উল্লেখযোগ্য। হলুদ পাঞ্জাবি পরা ভবঘুরে হিমু যেমন পাঠকের কল্পনার জগতে স্বতন্ত্র জায়গা করে নিয়েছে, তেমনি যুক্তিনির্ভর অনুসন্ধানী মিসির আলীও পেয়েছে আলাদা জনপ্রিয়তা। এই দুই চরিত্রের মধ্য দিয়ে মানুষের মনস্তত্ত্ব, জীবনবোধ ও সমাজের নানা অসংগতি তুলে ধরেছেন তিনি।
চলচ্চিত্র নির্মাতা হিসেবেও হুমায়ূন আহমেদের সাফল্য উল্লেখযোগ্য। ১৯৯৪ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’ নির্মাণের মধ্য দিয়ে বড় পর্দায় তাঁর অভিষেক হয়। প্রথম চলচ্চিত্রেই তিনি অর্জন করেন ব্যাপক সাফল্য। এরপর নির্মাণ করেন ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘শ্যামল ছায়া’, ‘চন্দ্রকথা’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘আমার আছে জল’ ও ‘ঘেটুপুত্র কমলা’। তাঁর চলচ্চিত্রে গল্প বলার নিজস্ব ধরন, মানবিক আবেদন ও সংগীতের ব্যবহার বিশেষভাবে লক্ষণীয়।
সাহিত্য ও চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ১৯৯৪ সালে একুশে পদকে ভূষিত হন। এ ছাড়া চলচ্চিত্র নির্মাণের জন্যও পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
লেখক ও নির্মাতা পরিচয়ের পাশাপাশি হুমায়ূন আহমেদের ছিল সমৃদ্ধ একাডেমিক জীবন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। পরে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পলিমার রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়নের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের পর নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে অধ্যাপনা ছেড়ে পুরোপুরি লেখালেখি ও চলচ্চিত্র নির্মাণে মনোনিবেশ করেন।
২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ূন আহমেদ। পরে গাজীপুরের নুহাশপল্লীতে তাঁকে সমাহিত করা হয়।
মৃত্যুর এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু বইমেলায় তাঁর বইয়ের প্রতি পাঠকের আগ্রহ, টেলিভিশনে তাঁর নাটকের পুনঃপ্রচার কিংবা চলচ্চিত্রের গান ও সংলাপে ফিরে ফিরে আসে তাঁর উপস্থিতি। সময় বদলেছে, বদলেছে পাঠ ও বিনোদনের মাধ্যম; কিন্তু হুমায়ূন আহমেদের সৃষ্টির প্রতি মানুষের ভালোবাসায় ভাটা পড়েনি। সৃষ্টিকর্মের মধ্য দিয়েই তিনি বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
