টাঙ্গাইল প্রতিনিধি: নির্বাচনে জয়-পরাজয়ের পর অনেক সময় পোলিং এজেন্টদের সঙ্গে রাজনৈতিক নেতাদের যোগাযোগ কমে যায়। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে নির্বাচনে নিজের পক্ষে দায়িত্ব পালন করা পোলিং এজেন্টদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তাঁদের নিয়ে মতবিনিময় সভার পাশাপাশি প্রায় দুই হাজার মানুষের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইল পৌর উদ্যানে সদর উপজেলা বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসনের বিভিন্ন কেন্দ্রে ধানের শীষের পক্ষে দায়িত্ব পালন করা পোলিং এজেন্টরা অংশ নেন। সভা শেষে তাঁদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রতিমন্ত্রী। এ উপলক্ষে গরু জবাই করে পোলাও-মাংস রান্না করা হয়। কয়েক দফায় খাবার পরিবেশন করা হয়।
মতবিনিময় সভায় পোলিং এজেন্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচনের দিন যাঁদের ওপর সব দায়িত্ব দিয়ে নির্ভর করেছেন, তাঁরা হলেন পোলিং এজেন্টরা। তাঁরা সকাল থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সর্বোচ্চ বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ভোটের দিন যাঁরা তাঁর জন্য দায়িত্ব পালন করেছেন, তাঁদের সঙ্গে দেখা ও মতবিনিময় না হওয়াটা হতে পারে না। এ চিন্তা থেকেই তাঁদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের উদ্যোগ নিয়েছেন তিনি।
পোলিং এজেন্টদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তাঁরা মানুষের কাছে ভোট চেয়েছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁদের কথায় বিশ্বাস করে মানুষ তাঁকে নির্বাচিত করেছেন। জনগণের সেই প্রত্যাশা পূরণের আশ্বাস দিয়ে তিনি বলেন, পোলিং এজেন্টদের ফোন নম্বর ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও কথা বলবেন তিনি। তাঁর ভাষায়, ‘আপনারাই হচ্ছেন বিএনপির মূল প্রাণ।’
দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সম্মিলিত প্রচেষ্টায় দলকে সুসংগঠিত রাখতে হবে। স্বাধীনতা ও গণতন্ত্র অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি টাঙ্গাইলে সর্বোচ্চ উন্নয়ন করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী পাঁচ বছরে উন্নয়নের দিক থেকে টাঙ্গাইলকে দেশের মধ্যে এক নম্বরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
এর আগে টাঙ্গাইল-৫ আসনের বিভিন্ন কেন্দ্রের পোলিং এজেন্টরা তাঁদের নির্বাচনী অভিজ্ঞতা, মতামত ও পরামর্শ তুলে ধরেন। প্রতিমন্ত্রী তাঁদের বক্তব্য শোনেন। পুরো আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করেন আয়োজকদের স্বেচ্ছাসেবকেরা।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজ উদ্দিন বিপ্লব।
এ সময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
