নারায়ণগঞ্জের বন্দরে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে পরপর তিন কিশোরীকে বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে আলমগীর আলম (৫৫) নামে একজনের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
৮ ডিসেম্বর দুপুর আড়াইটা, ১২ ডিসেম্বর দুপুর দেড়টা, একই দিন বেলা ১১টা ৫ মিনিটে বন্দরের রুপালী আবাসিক এলাকার ৪নং গলির মাহবুবা চায়নার বাড়িতে ওই তিন কিশোরী ধর্ষণের ঘটনা ঘটে। এ ব্যাপারে বৃহস্পতিবার তিন কিশোরীর মা বাদী হয়ে বন্দর থানায় পৃথক তিনটি মামলা করেছেন।
গ্রেফতার আলমগীর চাঁদপুর জেলার উত্তর মতলব থানার মৌটুপি এলাকার মৃত হাফেজ মোল্লার ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর আড়াইটার দিকে কিশোরীকে (১০) বাসা থেকে পানি আনতে বলেন আলমগীর। তার কথামতো পানি আনতে গেলে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে আলমগীর। কারো কাছে এ বিষয়ে কিছু বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় সে।
এরপর গত ১২ ডিসেম্বর (সোমবার) বেলা ১১টার দিকে অপর এক কিশোরী (১১) বান্ধবীর সঙ্গে আলমগীরের বাসায় গেলে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। একই দিন দুপুর দেড়টায় আরেক কিশোরীকে (১১) চকলেট খাওয়ার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বাসায় নিয়ে যায় এবং তারও মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এ বিষয়ে কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ধর্ষণের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কিশোরীদের ডাক্তারি পরীক্ষার পর জবানবন্দি রেকর্ডের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।
