ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর গ্রামে বিদ্যুতের সটসার্কিট থেকে উৎপন্ন হওয়া আগুনে হাফিজ উদ্দিন ভেন্ডারের বসতঘর ভস্মীভূত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকাল সোয়া চারটার সময় আগুন লাগার এই ঘটনায় তার আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।
খবর পেয়ে ঘাটাইল ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।
হাফিজ উদ্দিন ভেন্ডার জানান, বিদ্যুতের সটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করছি। বৃহস্পতিবার বিকাল সোয়া চারটার সময় আগুন লাগার এই ঘটনা ঘটে। সে সময় বাড়ীতে অবস্থানরতরা এবং প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই স্থানীয়রা আগুন অনেকটা নিভিয়ে ফেলে এবং ইতোমধ্যে আমার বসতঘরটি আগুনে ভস্মীভূত হয় বলে তিনি জানান।
হাফিজ উদ্দিনের ছেলে সাব্বির জানান, আগুন লাগার সংবাদ পেয়ে ঘাটাইল থেকে বাড়ীতে গিয়ে দেখি আব্বার থাকার ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আকস্মিক আগুন লাগায় ঘরের ভিতর থেকে কোনকিছুই বাইরে বের করা সম্ভব হয়নি। আমাদের এতোদিনের স্মৃতিচিহ্ন কোন কিছুই অবশিষ্ট রইলো না।
ঘাটাইল ফায়ার সার্ভিস ষ্টেশনের অফিসার সুজন মিয়া বলেন, ঘাটাইলের সংগ্রামপূরে একটি বাড়ীতে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখি স্থানীয়রা আগুন অনেকটা নিয়ন্ত্রণে এনেছেন। আগুন লাগার এই ঘটনায় হাফিজ উদ্দিনের একটি টিনশেড ঘর এবং ঘরের ভিতরে থাকা আসবাবপত্র ভস্মীভূত হয়েছে।
উল্লেখ্য: ঘাটাইলের রৌহা গ্রামে বৈদ্যুতিক সর্টসার্কিটে গত মঙ্গলবার (২৪ আগস্ট) ব্যবসায়ী হযরত আলী খানের বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটে। এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছিলেন। আজ বৃহস্পতিবার আবারও ঘাটাইলের বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটলো।
